এক বাংলাদেশি শিল্পপতি দম্পত্তির কাছ থেকে ৩ কোটি ৮০ লাখ টাকা অনুদান পেয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)। 'মনীষা অ্যান্ড মাহমুদুল হক এনডাওমেন্ট ট্রাস্ট ফেলোশিপ' এর মাধ্যমে আইইউবি এই টাকা পেয়েছে। মাহমুদুল হক ও মনীষা আনোয়ার হক দম্পত্তির সম্মানে শনিবার (৪ ডিসেম্বর) বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবি ক্যাম্পাসে একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেন আইইউবি’র উপাচার্য তানভীর হাসান।
সমঝোতা চুক্তি অনুসারে আইইউবি’র স্পেশালাইজড আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের আওতায় প্রতি বছর নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে ফুল স্কলারশিপ দেওয়ার লক্ষ্যে কিছু শিক্ষার্থী বাছাই করা হবে, যা স্প্রিং ২০২২ সেমিস্টার থেকে কার্যকর হবে। প্রতি বছর একজন ছাত্র ও একজন ছাত্রী 'মনীষা অ্যান্ড মাহমুদুল হক এনডাওমেন্ট ট্রাস্ট ফেলোশিপ' অ্যাওয়ার্ডের আওতায় সম্পূর্ণ বিনা খরচে আইইউবিতে পড়ার সুযোগ পাবে।
অনুষ্ঠানে আইইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যন এ মতিন চৌধুরী, ট্রাস্টি রাশেদ চৌধুরী, সিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তৌহিদ সামাদ, উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বক্তব্য প্রদান করে। এসময় আইইউবি ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্য ও ৫ স্কুলের ডিন উপস্থিত ছিলেন।
