ভোলার তজুমদ্দিনে পশ্চিম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন সংকটের কারণে প্রাক-প্রাথমিকের ক্লাস চলছে খোলা বারান্দায়। বিদ্যালয়টি তজুমদ্দিন ডাওরী সড়কের পাশে হওয়ায় যানবাহনের শব্দে কোমলমতি শিক্ষার্থীরা একদিকে পাচ্ছে না শিক্ষার সুষ্ঠু পরিবেশ। অন্যদিকে সড়কের ধুলা-বালিতে নষ্ট হচ্ছে শিক্ষার্থীদের পোশাক ও বই খাতা।
২০০৩ সালের ডিজাইন অনুযায়ী ৪ কক্ষ বিশিষ্ট একতলা একটি ভবন থাকলেও এর একটি রুম পুরোপুরি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। অন্য একটি রুমের মধ্যে চলে পঞ্চম শ্রেণির ক্লাস ও অফিস রুমের কাজ।
ফলে অফিস রুমসহ প্রথম শিফটে ৩টি ক্লাস রুমের মধ্যে নিলেও প্রাক-প্রাথমিকের ক্লাসটি শিক্ষকদের করতে হচ্ছে খোলা বারান্দার মধ্যে। স্কুলটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠা হলেও জাতীয়করণ হয় ২০১৩ সালে। জাতীয় করনে পর থেকে প্রাক-প্রাথমিক শ্রেণি চালু হওয়ার পর থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। বর্তমানে ওই বিদ্যালয়ে ১৮৯ জন শিক্ষার্থী রয়েছে।
আরো পড়ুন: ফেসবুক পরিচয়ে বিয়ে, প্রথম পক্ষের কথা জেনে স্বামীকে গলা কেটে হত্যা
স্কুলের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী সিয়াম, মো. তাহিম ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া, তানিয়া, ফেরদৌস ও স্বীকৃতি রাণী জানান, আমাদের বিদ্যালয়ের রুম সংকটের কারণে খোলা বারান্দায় ক্লাস করার ফলে ধুলায় আমার পোশাক ও বই খাতা নষ্ট হয়ে যায়। আমরা শিক্ষার্থী হিসেবে এ অবস্থা থেকে মুক্তি চাই।
প্রধান শিক্ষক বিপ্লব চন্দ্র দাস বলেন, ২০১৫ সালে যোগদানের পর থেকে স্কুলের নতুন ভবনের জন্য উপজেলা শিক্ষা অফিসে লিখিতভাবে জানানো হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার আতিকুল ইসলাম জানান, ২০০৩ সালের ডিজাইন অনুযায়ী বর্তমান ভবনটি করা হয়েছে। নতুন ভবনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি দ্রুত একটি ভবন পাবে ওই স্কুল।
ইত্তেফাক/জেডএইচ
