বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ১ কোটি ৬১ লাখ টাকা মূল্যের কোবরা সাপের বিষ উদ্ধারসহ রফিকুল ইসলাম (৪০) নামের একজনকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে বিজিবি। সোমবার (৬ ডিসেম্বর) সীমান্তের ২৯৩ পিলারের অদূরে বাংলাদেশের অভ্যন্তরে শিবপুর রাস্তা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে কাঁচের জারে রাখা ৪০০ গ্রাম কোবরা সাপের বিষ উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম সীমান্তের হামলাকুড়ি গ্রামের ইমার উদ্দিনের পুত্র।
বিজিবি ২৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মো. নইম রেজভী জানান, অচিন্তপুর বিওপি’র হাবিলদার মো. আলতানুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা সোমবার গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর রাস্তায় অবস্থান নেন। এসময় সীমান্তের ২৯৩ পিলারের অদূরে বাংলাদেশের অভ্যন্তরে শিবপুর রাস্তা থেকে রফিকুল ইসলামকে মোটর সাইকেলসহ আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে কাঁচের জারে রাখা ৪০০ গ্রাম কোবরা সাপের বিষ (মেড ইন ফ্রান্স) উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ১ কোটি ৬১ লাখ টাকা।
বিরামপুর থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান জানান, বিজিবি উদ্ধারকৃত সাপের বিষ, মোটর সাইকেল ও একজন আসামীসহ থানায় মামলা করেছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
