আসামের সঙ্গে সীমান্ত বিরোধ: রিপোর্ট প্রস্তুত মেঘালয়ের

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৪:৫২

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য আসাম ও মেঘালয়ের মধ্যে সীমান্ত নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা বিদ্যমান। যা নিরসঙ্গে দুই কমিটি গঠন করেছে মেঘালয় সরকার। সেই কমিটি তাদের প্রতিবেদন রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা বরাবর জমা দিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইকোনমিক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, সীমান্তের সমস্যা নিরসনে গঠিত দুই কমিটির একটিতে নেতৃত্বে ছিলেন মেঘালয়ের উপ মুখ্যমন্ত্রী প্রেসতোন তিনসং। অন্যটির নেতৃত্ব দিয়েছেন পিএইচই মন্ত্রী রেনিকতন লিংদো তোংখার। উভয় কমিটি গত আগস্টে গঠিত হয়।

এক সংবাদ সম্মেলনে মেঘালয় মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের রি-ভোই ও আসামের খাসি হিলের মধ্যেকার সীমান্ত নিয়ে কাজ করা হয়েছে। ইতিহাসে এমন কাজ আগে হয়নি। সীমান্ত নির্ধারণে যারা কাজ করেছে তারা সত্যিই প্রশংসার যোগ্য। এ বিষয়ে দ্রুত আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শার্মার সঙ্গে আলোচনায় বসবো। তবে এর আগে রাজ্যের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হবে।

মেঘালয়ের উপ মুখ্যমন্ত্রী প্রেসতোন তিনসং বলেন, আমাদের দায়িত্ব ছিলো সীমান্ত নিয়ে একটি প্রতিবেদন তৈরি করা। যা করা হয়েছে স্থানীয়দের বক্তব্য, তাদের ঐতিহাসিক, ভৌগলিক এবং জাতিগত তথ্যের ওপর ভিত্তি করে। এখন সব সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীদের ওপর নির্ভরশীল। দুই রাজ্যের সীমান্তের সমাধানে দুই মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসতে হবে।

ইত্তেফাক/টিআর