‘চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করেছি’

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, ১৯:৪০

চলতি মাসেই অক্ষয় কুমারের সঙ্গে পর্দায় আসছেন বলিউড অভিনেত্রী সারা আলী খান। ‘অতরঙ্গি’ শিরোনামের এই সিনেমাটি আসছে ২৪ ডিসেম্বর ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে।

আনন্দ এল রায় পরিচালিত সিনেমাটিতে অক্ষয়-সারার পাশাপাশি দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ধানুশকে। বর্তমানে সিনেমাটির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। সম্প্রতি প্রচারণায় যাওয়ার সময় মুম্বাই এয়ারপোর্টে ক্যামেরাবন্দি হয়েছেন সারা-অক্ষয়। ছবিতে দেখা যাচ্ছে ‘অতরঙ্গি’ সিনেমার লুকে হাজির হয়েছেন তারা।

নিজের সিনেমা প্রসঙ্গে অক্ষয় বলেন, ‘বর্তমান সময়ের একটি গল্প দেখতে পাবে সিনেমাটিতে। আমার প্রতিটি কাজের মতো এখানেও ভিন্ন অক্ষয়কে উপস্থাপনের চেষ্টা করেছি। সারাও দারুণ অভিনয় করেছে। দর্শকরা দারুণ একটি সিনেমা দেখতে যাচ্ছেন।’ এদিকে নিজের চেয়ে অনেক বেশি বয়সের অভিনেতা সঙ্গে স্ক্রিন শেয়ার নিয়ে কেউ কেউ প্রশংসা করলেও অনেকেই নেতিবাচক মন্তব্য করছেন সারাকে নিয়ে।

এ প্রসঙ্গে সারা বলেন, ‘দেখুন, অভিনয় কখনো বয়স বিচার করে হয় না। নির্মাতা চরিত্রের প্রয়োজনে যাকে ঠিক মনে করেছেন তাকে কাস্ট করেছেন। অভিনয়ের সময় বড় ছোট ভেবে কাজ করিনি। যার যার চরিত্রের মিশে যাওয়ার চেষ্টা করেছি। তাছাড়া অক্ষয়ের মতো অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করা ভাগ্যের বিষয়। তার সঙ্গে অভিনয় করেছি ভাবতেই গর্ব হচ্ছে।’

 

ইত্তেফাক/ইউবি