গাইবান্ধায় গৃহবধূ রুজিনা বেগম (৩৫) হত্যা মামলার রায়ে এক যুবকের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৫ ডিসেম্বর) বিকালে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন। রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত আসামি সবুজ ফকির (২৪) আদালতে উপস্থিত ছিলেন।
সবুজ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শাহাবাজ গ্রামের শাহজাহান ফকিরের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, আসামি স্বীকারোক্তিমুলক জবানবন্দিতে গৃহবধূর হত্যার দায় স্বীকার করেছেন। রায়ে সবুজ ফকিরের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার আদেশ দেওয়া হয়।
তিনি মামলার বিবরণের বরাত দিয়ে আরও জানান, ২০১৮ সালের ৯ এপ্রিল রুজিনা বেগম সুন্দরগঞ্জ উপজেলার র্সবানন্দ ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। পথে আসামি সবুজ ফকির টাকা লেনদেনের জের দরে গৃহবধূর পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর হত্যার উদ্দেশ্যে সবুজ ফকির তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে রুজিনার পেটে সজোরে আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রুজিনা বেগমকে রক্তাক্ত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ওইদিন রাতে মারা যান। এই ঘটনায় একই সালের ১০ এপ্রিল নিহত রুজিনা বেগমের স্বামী জহুরুল ইসলাম বাদি হয়ে সুন্দগরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সবুজ ফকিরকে একমাত্র আসামি করা হয়।
আসামি পক্ষের আইনজীবি সিরাজুল ইসলাম বাবু বলেন, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন। সেখানে তারা ন্যায় বিচার পাবেন বলে আশা করেন।
