ভালোবাসা হিসেব করে হয় না। তাই অনেক সময় ভুল মানুষের সঙ্গে সম্পর্ক হয়ে যায়। কিন্তু যতদিনে সে সমস্যা বুঝতে পারলেন, ততদিনে দেরি হয়ে গিয়েছে অনেকটাই। সঙ্গীর খারাপ ব্যবহারে আপনার তখন যাচ্ছেতাই অবস্থা। কোনো কিছু ভালো লাগে না। মন খারাপ থাকে।
বিষাক্ত সম্পর্কে থেকে থেকে নিজেকে দোষ দিতে শুরু করেছেন। তার পর আপনি একদিন ঠিক করলেন এই অসহ্য যন্ত্রণা থেকে পেতে হবে মুক্তি। তাই করে ফেললেন ব্রেকআপ। তবে এখনও আপনার মন থেকে যায়নি সেই সম্পর্কের রেশ। সেই যন্ত্রণা থেকে বের হওয়ার জন্য আপনি প্রাণপন চেষ্টা করছেন, তবুও মিলছে না সমাধান। এমন পরিস্থিতিতে কী করবেন, জেনে নিন।
বিষাক্ত সম্পর্ক বা টক্সিক রিলেশনশিপে থাকা খুবই কঠিন এক বিষয়। এই ধরনের সম্পর্কের মধ্য দিয়ে যিনি যান তিনিই বোঝেন সমস্যা ঠিক কতটা জটিল। এক্ষেত্রে মনে তৈরি হয় গভীর ক্ষত। এর থেকে হতে পারে উৎকণ্ঠা, অবসাদ, ভয়, নিজের প্রতি বিশ্বাস হারানো, দুশ্চিন্তার মতো মানসিক সমস্যা। তাই প্রেমের সম্পর্কে এমন অনুভূতি তৈরি হলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। তবেই আপনি সুস্থ ও সুন্দর থাকবেন।
সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর
এই ধরনের বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর মন থেকে সেই স্মৃতি মুছে যেতে চায় না। বারবার ফিরে আসে। যন্ত্রণা দেয় প্রতিনিয়ত। চারিদিক বিষিয়ে যায়। মনে হয়, সব ছেড়ে অনেক দূর পালিয়ে গেলেই ভালো হয়। মনোরোগ বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সম্পর্ক মনের ওপর খারাপ প্রভাব রেখে যায়। তাই সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরও যেন সমস্যা পিছু ছাড়তে চায় না। বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসা বহু মানুষ তো আবার পোস্ট ট্রমাটিক ডিজঅর্ডারেও ভোগেন। এই ধরনের সমস্যায় ভোগা মানুষ সবকিছুর জন্য নিজেকেই দোষারোপ করতে থাকেন।
নিজেকে ভালো রাখতে কী করবেন
- নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। সবসময় ভালো মনের ও আপনার চিন্তার সঙ্গে মিলে যায় এমন মানুষের সঙ্গে মিশুন। এবং তাদের সঙ্গে বন্ধুত্ব রাখুন, কথা বলুন যারা আপনার ভাবনার মূল্যায়ন করে।
- নিজেকে ব্যস্ত রাখুন। প্রয়োজনে কোন একটা কাজ খুঁজে নিন। কাজের মধ্যে থাকলে অন্য কোনো ধরনের চিন্তা আপনার মাথায় প্রবেশ করবে না। অফিসের কাজের পর সময় মতো জিমে যান, মাঠে যান, মানে একটুআধটু ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন। থিয়েটার-সিনেমা দেখতে যেতে কিংবা নতুন কোনো শিক্ষণীয় কোর্সে নিজেকে যুক্ত করতে পারেন। চেষ্টা করবেন কোনো একটা বিষয়ে মনোযোগী হওয়ার।
- নিজেকে নতুন করে আবিষ্কার করতে হবে। এই মুহূর্তে নেতিবাচক চিন্তাভাবনায় আপনার মন বিষিয়ে উঠলে নিজের সঙ্গেই কথা বলুন। দেখুন সমস্যাটা কোথায়। মনের সব প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর খুঁজে রাখুন। সেই উত্তরে ঘায়েল করুন আপনার ভেতরে থাকা খারাপ চিন্তাকে। মনে রাখবেন, এই যুদ্ধে আপনি জিতবেনই।
- নিজেকে দোষ দেওয়ার অভ্যাসটা এবার ছাড়তে হবে। এই পৃথিবী হলো রঙ্গভূমি। এই চিত্রপটে নানান ধরনের খেলা চলতেই থাকবে। আপনি সেখানে একটি চরিত্র মাত্র। সব আপনার হাতে নেই। প্রকৃতির নিয়মেই সব হচ্ছে, হবে। তাই খারাপটা চলে গিয়েছে। বিশ্বাস রাখুন, নতুনভাবে ভালো সময়টাও আসবে।
- খুব বেশি সমস্যা হলে অবশ্যই বাড়িতে বসে থাকবেন না। মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। তিনিই আপনার সমস্যার সহজ সমাধান করতে পারবেন।
