প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পর রাত ৩টায় রাজধানীর চকবাজার এলাকায় কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, সেখান থেকে ২৩টি লাশ উদ্ধার করেছেন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ জানান, ইতিমধ্যে ওই এলাকায় ফায়ার সার্ভিসের একটি অস্থায়ী কমান্ডপোস্ট বসানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন তারা। উদ্ধারকাজ পুরোপুরি শেষ হওয়ার পর নিহতের সঠিক তথ্য জানা যাবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অন্তত ৩২টি ইউনিট কাজ করছে। ২০ জন অগ্নিদগ্ধসহ অন্তত ৪০ জনের বেশি আহতকে ঢাকা মেডিকেল কলেজে নেয়া হয়েছে।
কেমিক্যাল গোডাউন ভবনের মালিক লালবাগের সাবেক এমপি হারুন-অর-রশিদের চাচা হাজী আব্দুল ওয়াহেদের বলে জানা গেছে।ভবনটি প্লাস্টিক ও পারফিউমের গুদাম ছিল বলে স্থানীয়রা জানান।
সাড়ে ১০টায় শুরু হওয়া আগুন ১টা ০৫ মিনিটে নিয়ন্ত্রণের বাইরে এবং ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে আশপাশের ৫টি বিল্ডিংয়ে। সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
ইত্তেফাক/আরকেজি
