অপহরণের নাটক সাজাতে গিয়ে যুবক গ্রেফতার

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৫:৫১

রাজশাহীতে অপহরণের নাটক সাজানো এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি মহানগর পুলিশ। বুধবার (২২ ডিসেম্বর) মহানগর গোয়েন্দা শাখার ডিবি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিষয়টি সাংবাদিকদের জানানো হয়। পুলিশের ভাষ্য মতে, নগরীর কাশিয়াডাঙ্গা থানার জিডি সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় নিখোঁজ মিজানুর রহমানকে (২৬) উদ্ধার করা হয়।

কথিত অপহরণের বিষয়ে মিজানুর পুলিশকে জানায়, মুক্তিপণের টাকা না দিলে অপহরণকারীরা তাকে মেরে ফেলবে। পরে পুলিশ তার অবস্থান নির্ণয় করে। ঢাকা, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করেন মিজানুর। পরে ঢাকার গাবতলী থেকে তাকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণকারী তার একাউন্টে থাকা ৭৮ লক্ষ টাকা নিয়েছে বলে জানায়। পরবর্তীতে তার অপহরণের নাটক ধরে ফেলে পুলিশ।

প্রকৃতপক্ষে অনলাইন ব্যবসার জন্য তিনি ৩১ লক্ষ টাকা ঋণ করেছেন। এজন্য এখন তিনি ঋণে জর্জরিত। এ কারণে আত্মগোপনে গিয়ে পরিবারকে তার অপহরণের বিষয়ে জানান। তার একাউন্টে ২০ লক্ষ টাকা দিতে বলেন। প্রকৃতপক্ষে কেউ তাকে অপহরণ করেনি সে নিজেই অপহরণের নাটক করেছে বলে জানায় পুলিশ।

পরিবার ও পুলিশকে হয়রানি করায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় ডিবি পুলিশ। 

ইত্তেফাক/এসআই