নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন জমে উঠেছে। যাচাই-বাছাইয়ে যারা টিকেছেন তারা রয়েছেন মাঠে। আর যাদের মনোনয়ন স্থগিত হয়েছে, তারা আপিল করে মনোনয়ন বৈধ করার চেষ্টা চালাচ্ছেন। তবে এবারের নাসিক নির্বাচনে বিএনপি অঘোষিতভাবে অংশ নেওয়ায় নির্বাচনি আমেজে বাড়তি মাত্রা যোগ হয়েছে।
বিএনপি এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না এমন ঘোষণার পর আওয়ামী লীগ ছিল ফুরফুরা মেজাজে। তাদের কোনো প্রতিপক্ষ থাকবে না। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করবে। কিন্তু তা আর হয়ে উঠেনি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক তৈমূর আলম খন্দকার যখন শেষ মুহূর্তে মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং তার মনোনয়ন বৈধ হয় সে থেকে আওয়ামী লীগের নির্বাচনি হিসাবনিকাশ ক্রমেই জটিল হয়ে ওঠে। একদিকে হারাবার কিছু নেই মানসিকতা নিয়ে মাঠে নেমেছেন তৈমূর। অন্য দিকে মেয়র পদ টিকিয়ে রাখার প্রাণপণ চেষ্টা আইভীর। শুরু থেকে বেশ হাসিমুখে নির্বাচনের দিকে এগিয়ে এলেও চিন্তার ভাঁজ ক্রমশই যেন বাড়তে থাকে আইভী শিবিরে। বিএনপি তৈমূর আলমকে কৌশলে স্বতন্ত্র প্রার্থীর করে অঘোষিতভাবে নাসিক নির্বাচনে অংশ নিয়েছে। এ ধারণা এতদিন আওয়ামী লীগের মধ্যে ছিল না। এতে করে তাদের নির্বাচনি ছক পালটে যেতে শুরু করেছে।
এদিকে তৈমূর প্রসঙ্গে আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু বলেন, ‘তৈমূরের মনোনয়ন বৈধ হয়েছে, এতে আওয়ামী লীগের বিচলিত হবার কিছু নেই। আমরা কাউকে দুর্বল বা শক্ত প্রার্থী মনে করি না। আমাদের প্রার্থী ইতিমধ্যে জনপ্রিয়তা প্রমাণ করেছেন। তিনি জয়ের পথে এগিয়ে আছেন, তা সবাই অবগত। নৌকা বা আইভীর কোনো বিকল্প নারায়ণগঞ্জে নেই। আমরা তৈমূরকে নির্বাচনে ওয়েলকাম জানাই। তবে নির্বাচনকে কেন্দ্র করে কোনো রকম নাশকতা বা ষড়যন্ত্র যদি কেউ করতে চায়, তাহলে আমরা দাঁতভাঙা জবাব দিব।’ অন্য দিকে এতদিন পর্যন্ত আইভী ও তার বলয়কে তৈমূর আলমের বিষয়ে বেশ স্বাভাবিক দেখা গেলেও গত ১৮ ডিসেম্বরের পর থেকে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।
ঐদিন বিকালে চুনকা কুটিরের সামনে আয়োজিত মতবিনিময় সভায় সেলিনা হায়াত্ আইভী বলেন, ‘আমরা অনেক কঠিন সময় পার করেছি। এবারও যে নির্বাচন কঠিন হবে না, তা বলা যায় না। কারণ এত বেশি ষড়যন্ত্র হচ্ছে—যা কল্পনার বাইরে। প্রতিপক্ষকে হালকা করে দেখার সুযোগ নেই। সরকারি দলে যে থাকে তার বদনাম বেশি থাকে। কোনোভাবেই আচরণবিধি লঙ্ঘন করা যাবে না।’ প্রতিপক্ষ তৈমূর বলয়ে সব ভুল বোঝাবুঝি পিছনে রেখে সবাই ঐক্য হয়ে মাঠে নেমে পড়েছেন।
নির্বাচন বিশ্লেষকরা বলছেন, এতে এবারের নির্বাচন আওয়ামী লীগের জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে নির্বাচনি প্রতিপক্ষকে সহজ থেকে কঠিন মনে করা তারই প্রমাণ।
