বাঙালি জাতির স্বাধিকার, স্বার্থরক্ষা ও সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত দৈনিক ইত্তেফাক পত্রিকা। দেশের ঐহিত্যবাহী এই পত্রিকা আজ ৬৯ বছরে পদার্পণ করছে। পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ‘পাকিস্তানের সেই ঔপনিবেশিক আমল থেকে বাঙালির স্বাধিকার, স্বার্থরক্ষার আন্দোলনে ইত্তেফাক ও এর সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার যে অবদান, তা জাতি চিরকাল স্মরণ করবে।’
ইত্তেফাকের সঙ্গে তার পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে আরেফিন সিদ্দিক বলেন, ‘আমি নিয়মিত ইত্তেফাক পড়ি। আমাদের পরিবারের ঐহিত্য অনুযায়ী ইত্তেফাক সবসময় বাসায় আসে। কারণ পাকিস্তানি ঔপনিবেশিক আমলে দৈনিক ইত্তেফাক ছিল আমার মায়ের একমাত্র পছন্দের পত্রিকা। তিনি ইত্তেফাক নিয়মিত পড়তেন। তিনিও সেটি পেয়েছেন তার বাবার কাছ থেকে। আমার নানা ইত্তেফাকের নিয়মিত পাঠক ছিলেন।’
ইত্তেফাকের পাঠক হিসেবে ঢাবির সাবেক এই উপাচার্য বলেন, ‘ছোটবেলাই থেকেই দেখেছি আমাদের বাসায় ইত্তেফাক পত্রিকা আসে। মা পড়েন, এরপর আমিও পড়া শুরু করি। সেই অভ্যাসটাই এখন পর্যন্ত আছে।’
তিনি বলেন, ‘আমার জন্ম সেই পাকিস্তানের সেই ঔপনিবেশিক আমলে। সেই সময়ে বাঙালিদের স্বার্থরক্ষা করে এমন পত্র-পত্রিকার সংখ্যা একদমই কম ছিল। সেখানে ইত্তেফাক ছিল সবচেয়ে জনপ্রিয় পত্রিকা। এখন তো স্বাধীন বাংলাদেশে অনেক পত্রিকা বের হয়েছে। এরপরও বহু পত্রিকার মধ্যে ইত্তেফাক পড়া যেন আবশ্যিক একটি বিষয়। এভাবেই ইত্তেফাকের সঙ্গে আমাদের সম্পর্ক পড়ে উঠেছে।’
আরেফিন সিদ্দিক বলেন, ‘আমি মনে করি প্রতিষ্ঠাবার্ষিকীতে ইত্তেফাক বিগত সময়গুলোতে যেভাবে দেশের সাধারণ মানুষের তথ্য চাহিদা পূরণ করেছে, ঠিক একইভাবে সামনের দিনগুলোতে ইত্তেফাক তথ্যসেবার কাজ অব্যাহত রাখবে।’
সারাদেশের খবর তুলে আনার বিষয়ে ইত্তেফাকের ভূমিকার কথা উল্লেখ করে এই শিক্ষাবিদ বলেন, ‘এখানে একটি কথা বলতেই হবে-গ্রামবাংলার সংবাদ ইত্তেফাক পত্রিকা যেভাবে তুলে নিয়ে আসে এবং জনগণের সামনে উপস্থাপন করে সেটির কোনো বিকল্প নেই। আমি বহু পত্রিকা পড়ি, কিন্তু আমি দেখেছি, গ্রামবাংলার একেবারে বিস্তারিত সংবাদ ও ছবি এগুলো ইত্তেফাক পত্রিকা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকাশ করে। ইত্তেফাক ও গ্রামবাংলা একাকার হয়ে যায়।’
ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের সাধারণ মানুষ আজ নয়, পাকিস্তান আমল থেকে ইত্তেফাক নিজেদের পত্রিকা বলে মনে করে। আজ দৈনিক ইত্তেফাক ৬৯ বছরে পদার্পণ করছে। আমি ইত্তেফাকের সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, পাঠক ও কর্মকর্তা-কর্মচারী সবার প্রতি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’
একইসঙ্গে দেশে-বিদেশের ইত্তেফাকের অগণিত পাঠককে শুভেচ্ছা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
