সত্যনিষ্ঠতা সমুন্নত রাখতে ইত্তেফাক কখনো আপস করেনি

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ০১:৪২

‘মূলধারার সাংবাদিকতায় সত্যনিষ্ঠতাকে সমুন্নত রাখতে ইত্তেফাক কখনো আপস করেনি। বাঙালির মুক্তি সংগ্রাম, স্বাধীনতা ও স্বাধীন দেশে স্বাধীনতা রক্ষার প্রতিটি অধ্যায়ে ইত্তেফাক এদেশের গণমানুষের কথা বলেছে।’

শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে দৈনিক ইত্তেফাকের ৬৯ বছরে পদার্পণ উপলক্ষ্যে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথা বলেন।

বক্তারা আরো বলেন, ‘তফাজ্জল হোসেন মানিক মিয়া যদি ইত্তেফাক বের না করতেন, বাঙালি জাতি ও বঙ্গবন্ধুকে সমর্থন না দিতেন, স্বাধীনতা হতো কি না, সন্দেহ। বাংলাদেশ যতদিন থাকবে দৈনিক ইত্তেফাক ও মানিক মিয়ার নাম স্মরণ রাখতে হবে।’ 

তারা বলেন, ষাটের দশকে যারা ছিলেন তরুণ-কিশোর, তাদের বোধের উন্মোচন হয়েছে বঙ্গবন্ধু, ইত্তেফাক, মানিক মিয়া, সোহরাওয়ার্দী এসব নাম শুনে। সংবাদপত্রে বস্ত্তনিষ্ঠতা নয়, সত্যনিষ্ঠতাই বড় কথা; এই সত্যনিষ্ঠতাই যে সংবাদপত্রের ওপর পাঠকের আস্হা বাড়ায় ইত্তেফাক তার প্রমাণ। বক্তারা ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেনকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

বক্তারা বলেন, দৈনিক ইত্তেফাকের সঙ্গে সব প্রজন্মের নিবিড় সংযোগ বিরাজমান। স্বাধীনতা পূর্বকাল থেকে ইত্তেফাক পাঠ করে আসছেন এমন প্রবীণরা এখনো সকালে তাদের চায়ের টেবিলে দিন শুরু করেন এই সংবাদপত্র পাঠের মাধ্যমে। তারা বলেন, স্বাধীনতা উত্তরকালে দেশের সমাজ-সংস্কৃতি, বিনোদন, গবেষণা ও চলতি জীবনধারার সঙ্গে অভ্যস্ত দেশের নতুন প্রজন্ম সময়ের বাঁকে বাঁকে ইত্তেফাকের একনিষ্ঠ পাঠকে পরিণত হয়েছে। ইত্তেফাকের ৬৯ বছরে পদার্পণ উপলক্ষ্যে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাক চট্টগ্রাম বু্যরো প্রধান ও চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা। তিনি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীন আক্তার, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. বেণু কুমার দে, সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ, নয়াবাংলা সম্পাদক জি এম এনায়েত উল্লাহ হিরু, বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, আমরা একুশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক অধ্যক্ষ আ ন ম সরোয়ার আলম, সদস্যসচিব মহিউদ্দিন বাদল, বাফা ও বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন, চট্টগ্রাম উন্নয়ন কতৃ‌র্পক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্হিত হয়ে ফুল ও শুভেচ্ছা জানান চট্টগ্রাম সিনিয়রস ক্লাবের সহ-সভাপতি মো. আলাউদ্দিন, সাংবাদিক ইস্কান্দার আলী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মঈনুদ্দীন কাদেরী শওকত, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর, সাংবাদিক জাহিদুল করিম কচি, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. ইদ্রিস আলী, সাংবাদিক লেখিকা ডেইজি মওদুদ, অধ্যাপিকা সুস্মিতা সোপা, সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল, যুগান্তরের বু্যরো প্রধান শহিদুল্লাহ শাহরিয়ার, ডেইলি অবজারভারের বু্যরো প্রধান মোশতাক আহমেদ, বাংলা নিউজ টুয়েন্টি ফোরের চট্টগ্রাম প্রধান তপন চক্রবর্তী, সাংবাদিক ও নাট্যজন প্রদীপ দেওয়ানজী, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন তোতা, বৈশাখী টেলিভিশনের বু্যরো প্রধান মহসিন চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাহী কমিটি সদস্য দেব দুলাল ভৌমিক, মাধ্যমিক উচ্চমাধ্যমিক কুমিল্লা বোর্ডের উপ-পরিচালক অধ্যাপক সানাউল্লাহ, চট্টগ্রাম সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিজনেস স্ট্যান্ডার্ডের বু্যরো চিফ শামসুদ্দিন ইলিয়াস, দৈনিক পূর্বদেশের চিফ রিপোর্টার সবুর শুভ প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র স্টাফ রিপোর্টার সৈয়দ আবদুল ওয়াজেদ। দৈনিক ইত্তেফাক চট্টগ্রাম বু্যরোতে কর্মরতদের মধ্যে উপস্হিত ছিলেন ক্রীড়া রিপোর্টার জাকির হোসেন লুলু, স্টাফ রিপোর্টার মুহাম্মদ নিজাম উদ্দিন, স্টাফ রিপোর্টার শামীম হামিদ, সিনিয়র ফটো জার্নালিস্ট মোস্তাফিজুর রহমান ও সিনিয়র এক্সিকিউটিভ সাফাউল হক।

ইত্তেফাক/বিএএফ