গোবিন্দগঞ্জের এক কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৪:৫৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় শিবপুর পাচঁগাছি বাজার ফজরিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের প্রিজাইটিং কর্মকর্তা মোফাজ্জল হোসেন। 

তিনি জানান, বেলা ১২টার দিকে এই কেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেকেন্দার আলী মণ্ডলের সমর্থকদের সাথে স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আবুল হোসেনের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এই ঘটনায় ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছে। 

স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেন জানান, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সেকেন্দার আলী মণ্ডলের নেতৃত্বে তার সমর্থকরা কেন্দ্রে প্রভাব বিস্তার করে সব ভোট জোর করে মেরে নেওয়ার চেষ্টা করে। এসময় তার সমর্থকরা বাধা দেয়। এতে তারা তার সমর্থকদের ওপর হামলা করে মারপিট করে। 

তবে অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেকেন্দার আলী মণ্ডল জানান, কেন্দ্রে প্রভাব বিস্তার করতে স্বতন্ত্র প্রার্থী আবুল হোসেনের প্রার্থীরাই তার ও তার সমর্থকদের ওপর হামলা করে। 

প্রসঙ্গত. চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। 

ইত্তেফাক/ ইআ