দীর্ঘ দুই মাসেরও বেশি সময় আগে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস খুললেও বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্যাফেটেরিয়া। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।
ক্যাফেটেরিয়া বন্ধ থাকায় হোটেল ও দোকানগুলো থেকে খাবার কিনে খেতে হচ্ছে শিক্ষার্থীদের। একাধিক শিক্ষার্থী জানান, বাইরের দোকান থেকে বেশি দামে খাবার কিনতে হচ্ছে। এতে সময় এবং অর্থ যেমন নষ্ট হচ্ছে তেমনি হলের মানহীন খাবারে রয়েছে স্বাস্থ্যঝুঁকি।
সরেজমিনে দেখা যায়, ক্যাফেটেরিয়ার কার্যক্রম বন্ধ রয়েছে। প্রয়োজনীয় জিনিসপত্র চেয়ার, টেবিল ও বেঞ্চগুলো ধূলোময়লায় জর্জরিত হয়ে যত্রতত্র এলোমেলোভাবে ছড়িয়ে আছে। একসময় ক্যাফেটেরিয়া আড্ডা, গানগল্প কিংবা গ্রুপ স্টাডিতে প্রাণবন্ত থাকলেও এখন তা নিষ্প্রাণ।
ইমরান নামের এক শিক্ষার্থী বলেন, ক্লাস পরীক্ষার ক্লান্তি দূর করতে এক কাপ চা অথবা প্রচণ্ড ক্ষুধায় একটু তৃপ্তির খোঁজে ক্যাফেটেরিয়া ছিল অন্যতম ভরসার জায়গা। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর ক্যাম্পাস খুললেও ক্যাফেটেরিয়া এখনও বন্ধ রয়েছে। এতে আমাদের অসুবিধা হচ্ছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. শেলিনা নাসরীন বলেন, ক্যাফেটেরিয়া খোলার বিষয়ে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে সবাই একমত। দ্রুত ক্যাফেটেরিয়া চালু করার ব্যাপারে কাজ চলছে।
