গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নে বিজয়ী ইউপি সদস্য ও তার কর্মী-সমর্থকদের হামলায় পরাজিত এক ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় হরিরামপুর ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ ঘটনাটি ঘটে।
এদিকে মৃত্যু ঘটনা নিশ্চিত করলেও গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে স্ট্রোক করে মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে। তারপরেও অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে নিহতের স্বজনরা জানান, পরাজিত ইউপি সদস্য প্রার্থী শাহারুল ইসলাম মোটর সাইকেল যোগে পার্শ্ববর্তী আন্ধারীপাড়া গ্রাম থেকে দাওয়াত খেয়ে ফেরার পথে বিজয়ী ইউপি সদস্য ফিরোজ কবীরের সমর্থকরা তার উপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তারা আরও জানান, বিষয়টি গোবিন্দগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়েছে। তবে এখনও কোন মামলা দায়ের করা হয়নি।
