রইস কি আসলেই পাগল?

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১৭:৫৯

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও পরিচালক মীর সাব্বির। তিনি প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করেছেন। সরকারি অনুদান পাওয়া তার সিনেমাটির নাম ‘রাত জাগা ফুল’। সেন্সরে প্রশংসা পেয়ে অনুমতি পাওয়া ভিন্ন ভাবনার গল্পে নির্মিত সিনেমাটি এরই মধ্যে টিজার, ট্রেলার ও গান দিয়ে দর্শকের নজর কেড়েছে। আগামীকাল ৩১ ডিসেম্বর সারাদেশে ২৭টির বেশি হলে মুক্তি পাবে এটি।

বুধবার (২৯ ডিসেম্বর) সিনেমার শিল্পী-কুশলীদের নিয়ে মীর সাব্বির আড্ডায় বসেন সাংবাদিকদের সঙ্গে। এসময় তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরের শেষ দিনে আমার বানানো ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। আমাদের জায়গা থেকে আমরা সর্ব্বোচ্চ চেষ্টা করেছি আমার দেশ, মাটি, প্রকৃতি, জীবজন্তু, মানুষ এবং প্রেমকে প্রাধান্য দেওয়ার। ‘রাত জাগা ফুল’ সিনেমায় একটি সহজ সরল কাহিনী তুলে আনার চেষ্টা করেছি।’

রাত জাগা ফুল সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

মীর সাব্বির বলেন, আমার মনে হয় মানুষ যে অস্থিরতার মধ্যে আছে। সেখান থেকে অনেক সবুজ, সতেজ এবং সকাল বেলার ফুলের যে ঘ্রাণটা হয়- সেই ঘ্রাণের মতে সুভাস ছড়াতে আসছে ‘রাত জাগা ফুল’।

নিজের চরিত্র সম্পর্কে মীর সাব্বির বলেন, ‘আমার চরিত্রটার নাম হলো রইস। এতে একটি ব্যতিক্রম লুক আছে। এটার জন্য আমার চুল অনেক বড় করতে হয়েছে। এক বছরের অধিক সময় আমি চুল কাটতে পারিনি। বড় বড় দাড়ি আছে। এর জন্য আমি ৫ মাসের মতো দাড়ি বড় রাখতে হয়েছে। আর রইস চরিত্রটি আমার থেকে ৪-৫ বছরের বড়। সেজন্য আমার ওজনও বাড়াতে হয়েছে। সব কিছু মিলিয়ে গ্রাম্য সরলতা, সাইকোলজি, একটা দর্শন রয়েছে। সবার মনে প্রশ্ন- রইস উদ্দিন কি আসলেই পাগল? এই উত্তর জানতে সিনেমা হলে গিয়ে ছবিটি দেখতে হবে।’

রাত জাগা ফুল সিনেমার একটি পোস্টার। ছবি: সংগৃহীত

সরকারি অনুদানপ্রাপ্ত ‘রাত জাগা ফুল’ সিনেমার সহ-প্রযোজক হিসেবে আছেন মীর সাব্বির নিজেই। তার প্রযোজনা প্রতিষ্ঠান ফুলঝুড়ি মিডিয়া লিমিটেডের ব্যানারেই ছবিটি মুক্তি পাচ্ছে।

এ সিনেমায় একঝাঁক তারকার ভিড়ে দেখা যাবে দিলারা জামান, আবুল হায়াত, শর্মিলী আহমেদ, ফজলুর রহমান বাবু, ডা. এজাজুল ইসলাম, নাজনীন চুমকী, জয়রাজ, আবু হুরায়রা তানভীরসহ আরও অনেককে।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন