দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটেছে। দেড় যুগ পর পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ও মৌডুবি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই ভোটের হাওয়া বইছে এলাকায়। জমে উঠেছে নির্বাচনী মাঠ। ভোটারদের মধ্যেও বিরাজ করছে উৎসব আমেজ। কোন ইউনিয়নে কে কে প্রার্থী হবেন অথবা ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে দলের মনোনয়ন কে পাচ্ছেন, এনিয়েও এলাকায় চলছে জল্পনা কল্পনা।
সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বড়বাইশদিয়া ও মৌডুবি ইউপির ভোট। এরআগে সীমানা সংক্রান্ত জটিলতার একাধিক মামলায় ১৯ বছর ধরে স্থগিত ছিল দুই ইউপির নির্বাচন। অবশেষে সেই জটিলতা কেটে যাওয়ার পর গত ২৯ ডিসেম্বর দুই ইউপির তফলিস ঘোষণা করে নির্বাচন কমিশন। এ খবর শুনে রীতিমত আনন্দের জোয়ার বইতে শুরু করে দুই ইউনিয়নের মানুষের মাঝে। তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই ইউনিয়নজুড়ে সাধারণ ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের মাঝে ভোটের আমেজ ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, ইতোমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দলীয় মনোনয়ন পেতে জেলা, বিভাগ ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন মনোনয়ন প্রত্যাশীরা। বেশিরভাগ মনোনয়ন প্রত্যাশীরা ঢাকায় গিয়েও নেতাদের কাছে মনোনয়নের তদবির করছেন।
স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গত ১ জানুয়ারি দুই ইউনিয়নের চেয়ারম্যান পদে তৃণমূল প্রার্থী বাছাইয়ের জন্য আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের ভোটে প্রার্থী বাছাই কার্যক্রমও সম্পন্ন হয় ওইদিন। সংশ্লিষ্টরা জানায়, তৃণমূল প্রার্থী বাছাই ভোটের ফলাফল অনুযায়ী মনোনয়ন প্রত্যাশীদের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। তবুও কেন্দ্র যে সিদ্ধান্ত নিবে, সেটাই চূড়ান্ত। এক-দুইদিনের মধ্যেই মনোনয়ন বোর্ডের সভার পর দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলেও জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, বড়বাইশদিয়া ইউনিয়নে তৃণমূল কাউন্সিলের ভোটে ওমর ফুক প্রথম, জাফর আহমেদ দ্বিতীয়, শামিল মিয়া তৃতীয়, ফরহাদ হোসেন চতুর্থ, জাহিদ হাসান পিয়ে পঞ্চম ও আসাদুজ্জামান আসাদ ষষ্ঠ হয়। অপরদিকে মৌডুবি ইউনিয়নের কাউন্সিলে ইলিয়াস মাহমুদ শিপ প্রথম, মাহমুদ হাসান রাসেল দ্বিতীয়, হাসান মাহমুদ শাকুনর তৃতীয় ও ফিড উদ্দিন চতুর্থ হয়।
বড়বাইশদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ওমর ফারুক বলেন, ‘দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। তৃণমূলের ভোটে আমি প্রথম হয়েছি। তৃণমূল নেতাকর্মীরা আমাকে মূল্যায়ন করেছে। আশা করছি, দল আমাকে মূল্যায়ন করবে।’ তৃণমূলের ভোটে প্রথম হয়ে মৌডুবি ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইলিয়াস মাহমুদ শিপন বলেন, ‘জনসেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করছি। আশা করছি, দলের মূল্যায়ন আমি পাব।’
এদিকে, ঘরে বসে নেই অন্যরাও। ক্ষমতাসীন দল ছাড়াও যারা নির্বাচন করতে চান তারা মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছেন। স্থানীয়রা জানায়, যেহেতু অনেক বছর পর ভোট দেয়ার সুযোগ হচ্ছে তাই পছন্দের প্রার্থী ও যোগ্য জনপ্রতিনিধি বেছে নেওয়ার সময় এসেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান সোহাগ হাওলাদার বলেন, ওই দুই ইউনিয়নের তফসিল ঘোষণা হয়েছে। আগামী ১২ জানুয়ারি মনোনয়ন দাখিল, ১৫ জানুয়ারি বাছাই, ২২ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহার এবং ৭ ফেব্রুয়ারি নির্বাচন।
