বশেমুরবিপ্রবিতে ভর্তির জন্য ২০ হাজার ৮৩৭ জন শিক্ষার্থীর আবেদন

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ২০:৫১

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য ১ হাজার ৫০৫ আসনের বিপরীতে ২০ হাজার ৮৩৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন প্রায় ১৪ জন শিক্ষার্থী।

সোমবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, ক ইউনিটের ৭৫৫ আসনের বিপরীতে ৭ হাজার ৩৫৭ জন, খ ইউনিটে ৫০০ আসনের বিপরীতে ৮ হাজার ৫০৮ জন এবং গ ইউনিটে ২৫০টি আসনের বিপরীতে ৪ হাজার ৯৭২ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এতে আসন প্রতি ক ইউনিটে প্রায় ১০ জন, খ ইউনিটে ১৭ জন, গ ইউনিটে প্রায় ২০ জন শিক্ষার্থী লড়াই করবেন।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৩ জানুয়ারি মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে। পরবর্তীতে ১৬ জানুয়ারি থেকে ভর্তির কার্যক্রম শুরু হয়ে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। এবছর বিশ্ববিদ্যালয়ের ৮টি অনুষদের অধীনে ৩৩টি বিভাগে মোট ১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন। 

এদিকে চলতি শিক্ষাবর্ষে আসন সংখ্যা প্রায় অর্ধেক কমানো হয়েছে। পূর্বে বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক (সম্মান) শ্রেণির আসন সংখ্যা ছিল প্রায় ৩ হাজার।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন, শ্রেণিকক্ষ ও গবেষণাগারের সুবিধা বিবেচনায় বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের প্রতি বিভাগে কোনোভাবেই ৪০ জনের বেশি ভর্তির সুযোগ নেই। যদিও পূর্বে বিভাগগুলোতে ৬০ থেকে ১০০ শিক্ষার্থী ভর্তি করানো হয়েছিল, যা সম্পূর্ণরূপে অবৈজ্ঞানিক।

 

ইত্তেফাক/জেডএইচডি