ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগ চরমে

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১০:৪৯

ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলা থেকে ঢাকামুখী যাত্রীবাহী বাসসহ সবধরনের পরিবহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। ময়মনসিংহ মোটরমালিক সমিতি ও চেম্বার অব কমার্স নেতাদের যৌথ আহ্বানে পালিত ধর্মঘটের কারণে আজ রবিবার (১৬ জানুয়ারি) সকাল থেকে ঢাকামুখী কোনো যানবাহন ছেড়ে যায়নি। অনেক যাত্রী ঢাকা যাওয়ার উদ্দেশে ময়মনসিংহ কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে চরম ভোগান্তিতে পড়েছেন। 

অনেকেই জানতেন না, সকাল থেকে বাস ধর্মঘট থাকবে। রবিবার সরকারি প্রথম কর্মদিবস হওয়ায় অনেকেই ময়মনসিংহ থেকে বাসযোগে ঢাকার বিভিন্ন কর্মস্থলে গিয়ে থাকেন। এ অবস্থায় যাত্রীরা পড়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগে।

তবে অনেকে আবার বিকল্প পথে প্রাইভেটকার ও মাইক্রোবাসে করে ঢাকায় যাওয়ার চেষ্টা করেছেন। এ জন্য তাদেরকে গুনতে হয়েছে অতিরিক্ত ভাড়া।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সালনা বাজার থেকে উত্তরা পর্যন্ত বেহাল সড়কটি চলাচলের উপযোগী না করায় রবিবার থেকে ময়মনসিংহ বিভাগের চার জেলা থেকে ঢাকাগামী গণপরিবহন বন্ধ থাকার ঘোষণা দিয়েছে ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি। শনিবার বিকাল থেকে সন্ধ্যায় এ ঘোষণা প্রচার করে ময়মনসিংহ নগরে মাইকিং করেছে মোটর মালিক সমিতি।

এর আগে, গত ২ জানুয়ারি ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও ময়মনসিংহ চেম্বার অব কর্মাস ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ১৫ জানুয়ারি মধ্যে সড়কের ওই অংশটি চলাচলের উপযোগী করা না হলে বাস ও ট্রাক বন্ধের হুশিয়ারি দিয়েছিল। 

 

ইত্তেফাক/কেকে