ইবিতে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৮:৪৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে আবেদনকারীদের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হয়েছে। এর আগে গত ১১ জানুয়ারি প্রথম মেধাতালিকার ভর্তি সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসান উল আম্বিয়া এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, আগামী ২৪ জানুয়ারি সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে মেধাতালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এসময় তাদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি ও এইচএসসি বা সমমান সার্টিফিকেট ও রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট সূত্রে জানা যায়, দ্বিতীয় মেধাতালিকায় ‘এ’ ইউনিটে ৮৬২ জন, ‘বি’ ইউনিটে ৪৭৪ জন এবং ‘সি’ ইউনিটে ৩৬১ জন ভর্তিচ্ছু স্থান পেয়েছেন। এদিকে, দ্বিতীয় মেধাতালিকার ভর্তি শেষে আসন খালি থাকা সাপেক্ষে আগামী ২ ফেব্রুয়ারি তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) এ পাওয়া যাবে।

ইত্তেফাক/এসটিএম