ইবিতে সশরীরে ক্লাস বন্ধ, খোলা থাকবে হল

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ২১:৫২

চলমান করোনা পরিস্থিতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সশরীরে ক্লাস স্থগিত করা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে সেশনজট এড়াতে অনলাইনে ক্লাস চলবে। এছাড়া পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাসমূহ চলমান থাকবে।

শুক্রবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভা শেষে উপাচার্য প্রফেসর ড. শেখ আবদুস সালাম ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, হল ও অফিসসমূহ স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। পাশাপাশি ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির কার্যক্রমও চলবে। করোনা রোধে আগামীকাল থেকে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে করোনা টেস্ট চালু এবং যারা এখনো টিকার আওতায় আসেনি তাদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। এছাড়া, মেডিকেল সেন্টার ২৪ ঘন্টা চালু রাখার বিষয়ে শীঘ্রই সিন্ধান্ত নেয়া হবে। 

সশরীরে ক্লাসের বিষয়ে উপাচার্য বলেন, করোনার প্রকোপ কমলে পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা চাই সকলে সুস্থ থাকুক। 

ইত্তেফাক/এসটিএম