প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় নিজের বিয়ের অনুষ্ঠান বাতিল করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন। রবিবার (২৩ জানুয়ারি) এক ঘোষণায় তিনি এ কথা বলেছেন।
জাসিন্ডা বলেন, আমার বিয়ের অনুষ্ঠান হচ্ছে না। মহামারি ঠেকাতে কঠোর বিধিনিষেধের কারণে এ ধরনের অভিজ্ঞতা পূর্বে যাদের হয়েছে তাদের দলে আমিও যোগ দিলাম। আমি খুবই দুঃখিত।
৪১ বছর বয়সী জাসিন্ডা তার দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডের সঙ্গেই বিয়ে হওয়ার কথা। ধারণা করা হচ্ছিল, চলতি মাসেই তাদের বিয়ে হচ্ছে। জাসিন্ডা এবং ক্লার্কের ঘরে তিন বছর বয়সী এক সন্তানও রয়েছে।
নিজের বিয়ে বাতিলের প্রসঙ্গে জাসিন্ডা আরও বলেন, জীবন এমনই, নিউজিল্যান্ডের হাজারো নাগরিকের থেকে আমিও আলাদা নই। এই মহামারিতে অনেকের জীবনে এর চেয়েও হয়তো আরও প্রভাব পড়েছে।
নিউজিল্যান্ডে এক শহর থেকে অন্য শহরে বিয়ের অনুষ্ঠানে যাওয়ায় সম্প্রতি একই পরিবারের ৯ জন ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত হন। এ ঘটনায় সংক্রমণের বিস্তার ঠেকাতে রবিবার মধ্যরাত থেকেই নিউজিল্যান্ডে কঠোর বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। নতুন বিধিনিষেধ আগামী মাসের শেষ পর্যন্ত বহাল থাকছে।
