উপচার্যের পদত্যাগের ব্যাপারে সরকারকে অনুরোধ শাবি শিক্ষক সমিতির

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ২১:০৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের ব্যাপারে সরকারকে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছে শাবি শিক্ষক সমিতি।

রবিবার (২৩ জানুয়ারি) রাত ৮ টা ২০ মিনিটের দিকে শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসী কুমার দাস ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী ও শিক্ষকদের উপর বর্বোরচিত পুলিশি হামলার ঘটনায় সরকার কর্তৃক নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নিতে হবে। অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙাতে যা দরকার অনতিবিলম্বে তা করতে হবে।

উপাচার্যের পদত্যাগের বিষয়টি সরকারের এখতিয়ারভুক্ত, তাই এক্ষেত্রে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে সরকারকে অনুরোধ জানানো হয়। একইসাথে শিক্ষার্থীদেরকেও কোনপ্রকার সহিংসতায় সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানানো হয়।

শাবি শিক্ষক সমিতির সভাপতি ড. তুলসী কুমার দাস সাংবাদিকদের বলেছেন, এখন সংকট নিরসনে সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। প্রয়োজনে উপাচার্যকে পদত্যাগ করতে হবে।

ইত্তেফাক/এসটিএম