শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিনের পদত্যাগ এবং গ্রেফতারকৃত সাবেক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে মৌন প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষক
ওই শিক্ষকের নাম ইনজামুল হক। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের সভাপতি ও শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী।
বুধবার (২৬ জানুয়ারি) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালের সামনে প্রতিবাদী লেখা সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে ঘণ্টাব্যাপী এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন তিনি। এসময় তার সাথে আবুল বাসার নামে এক শিক্ষার্থী সংহতি প্রকাশ করেন।
কর্মসূচির বিষয়ে তিনি বলেন, আমরা দেখছি শাবিপ্রবিতে যারা আন্দোলনরত শিক্ষার্থী আছে, তারা কি দুর্বিষহ জীবনযাপন করছে। অনেকে হাসপাতালে ভর্তি আছে। আরও যারা আছে, তাদের মেডিকেল সাপোর্ট বন্ধ করে দেয়া হয়েছে। গতকাল ৫ জন সাবেক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। একটা পরিপূর্ণ অসহিংস আন্দোলন যেখানে শিক্ষার্থীরা বোমা মারছেনা, গুলি করছে না, জীবন বাজি রেখে অনশনে বসেছে—এতে সহায়তা করায় যদি একটা গণতান্ত্রিক দেশে মামলা-মোকদ্দমার পর্যায়ে চলে যায় তাহলে আর কিছু বলার থাকে না।
তিনি আরও বলেন, একজন উপাচার্যের প্রথম পরিচয় তিনি শিক্ষক, তার প্রতি যখন সবার অবিশ্বাস-অনাস্থা তৈরি হয় তখন উনার পদে থাকা উচিত নয়। উনার উচিত সসম্মানে পদত্যাগ করা।
