উখিয়ায় পল্লি বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে সেচ সংকটে কৃষকরা সময়মতো বোরো চারা রোপণ করতে পারছেন না। চলতি মৌসুমে অনিশ্চিত হয়ে পড়া প্রায় সাড়ে ৬ হাজার হেক্টর জমিতে বোরো চাষাবাদ নিয়ে শঙ্কায় রয়েছেন উপজেলার কৃষকরা।
উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজীরপাড়া, দোছরী, হরিণমারা ও হারাশিয়া এলাকা ঘুরে ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দিন-রাত ২৪ ঘণ্টার মধ্যে ৩ ঘণ্টা বিদ্যুৎ মেলে না। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে পানি উত্তোলন তো দূরের কথা অচল হয়ে যাচ্ছে অধিকাংশ সেচ পাম্প। হরিণমারা গ্রামের শামশুল আলম, আলী আকবর, মুফিজ মিয়াসহ অনেক কৃষক অভিযোগ করেন, বিদ্যুতের অভাবে তারা এখন পর্যন্ত জমি চাষাবাদের উপযোগী করে তুলতে পারেননি। বীজতলায় পানি না থাকায় চারাগুলো মরে যাওয়ার উপক্রম হয়েছে।
উখিয়া পল্লি বিদ্যুতের ডিজিএম মোহাম্মদ ইব্রাহিম বলেন, চলতি মৌসুমে বোরো আবাদে যাতে পানি সরবরাহের জন্য কৃষকের দুর্ভোগ পোহাতে না হয়, সে ব্যাপারে পল্লি বিদ্যুৎ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। তবে শরণার্থী ক্যাম্পে যেভাবে গভীর নলকূপ স্থাপন করেছে তাতে পানির স্তর নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিত তালুকদার বলেন, বিদ্যুৎ ও আবহাওয়া অনুকূলে থাকলে এবারও বোরোর ভালো ফলন হবে।

