ভারতে বিষাক্ত মদপানে ৪২ জনের মৃত্যু

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫০

ভারতে বিষাক্ত মদপানে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন নারী রয়েছে। এছাড়া হাসপাতালে অসুস্থ অবস্থায় আরো ৪৫ জনের বেশি ভর্তি আছেন। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।     

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভারতের আসাম রাজ্যের গোলাঘাট ও জোড়াহাটে এই মদ-বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনা ঘটেছে। রাজ্য সরকার এ ঘটনায় পৃথক দুইটি তদন্তের নির্দেশ দিয়েছে। 

পুলিশ জানায়, প্রথম ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে গুয়াহাটি থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে, গোলাঘাটের সালমোরা চা-বাগানে অন্যটি জোড়হাটের তিতাবরের প্রত্যন্ত গ্রামে। এদের বেশিরভাগই চা-বাগানের শ্রমিক। বেতন পাওয়ার পর বৃহস্পতিবার শ্রমিকেরা স্থানীয়ভাবে বানানো মদ পান করে। 

গোলাঘাটের স্বাস্থ্য যুগ্ম কর্মকর্তা জানান, মদ খাওয়ার পরেই বিষক্রিয়া শুরু হয়। বমির সঙ্গে বুকে ব্যথা শুরু হয়। হাসপাতালে  ভর্তি করেও কিছু করা সম্ভব হয়নি বলে জানান তিনি। 

আরো পড়ুন: ভারত-পাকিস্তান বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর: ট্রাম্প 

ইতিমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তথ্যসূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস। 

ইত্তেফাক/এসআর