ইবিতে আসন খালি ১৪৭৫টি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের দ্বিতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে তিন ইউনিটে মোট ২০৯৫টি আসনের বিপরীতে ভর্তি হয়েছে ৬২০ জন শিক্ষার্থী। অর্থাৎ ১৪৭৫টি আসন খালি রয়েছে। যা মোট আসনের ৭০ শতাংশ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসান উল আম্বিয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষে বিজ্ঞান অনুষদভূক্ত ‘এ ইউনিটে ৩৪৯টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভূক্ত ‘বি ইউনিটে ৮২৯টি এবং বাণিজ্য অনুষদভূক্ত ‘সি’ ইউনিটে ২৯৭টি আসন খালি আছে।

এদিকে খালি আসনগুলোতে ভর্তির জন্য ২ ফেব্রুয়ারি তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। ৬ ও ৭ ফেব্রুয়ারীর মধ্যে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) এ পাওয়া যাবে।

ইত্তেফাক/এসটিএম