সংঘর্ষ বন্ধে ‘রোডম্যাপ’ তৈরির ঘোষণা ইউক্রেন প্রেসিডেন্টের

আপডেট : ২৭ আগস্ট ২০১৪, ১৭:১১
 
 
 
ইউক্রেনের পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনী ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে চলমান সংঘর্ষ বন্ধে একটি রোডম্যাপ প্রস্তুত করার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন সঙ্কট নিয়ে স্থানীয় সময় মঙ্গলবার প্রথমবারের মতো সরাসরি আলোচনার পর এই ঘোষণা দেন পোরোশেঙ্কো। খবর বিবিসি ও রয়টার্সের।
পুতিনের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী আলোচনার পর পোরোশেঙ্কো বলেন, ‘পূর্বাঞ্চলে অস্ত্রবিরতির জন্য শিগগির একটি রোডম্যাপ প্রস্তুত করা হবে। এই অস্ত্রবিরতি অবশ্যই দ্বিপাক্ষিক হবে।’ চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে একতরফা অস্ত্রবিরতি ঘোষণা দিলেও বিদ্রোহীদের বিরুদ্ধে অস্ত্রবিরতি ভঙ্গের অভিযোগ আনা হয়। আলোচনার পর ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে পোরোশেঙ্কো জানান, ‘আমাদের প্রধান লক্ষ্য শান্তি। ইউক্রেনের মাটিতে শান্তি স্থাপন করতে আমাদের দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে।’
বেলারুশের রাজধানী মিনস্কে পুতিনের সঙ্গে স্থানীয় সময় মঙ্গলবার সরাসরি আলোচনায় বসেন পোরোশেঙ্কো। ইউক্রেনের সেনাবাহিনীর হাতে ১০ রুশ সেনা বন্দি হওয়ার ঘটনার পর পরই দুই নেতার এ বৈঠকটি অনুষ্ঠিত হল। এর আগে গত জুনে ফ্রান্সে ডি-ডে উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে কিছু সময়ের জন্য এই দুই নেতার সাক্ষাত্ হয়েছিল। তবে যেকোনো সংলাপে রাশিয়া সহযোগিতা করবে— এমন আশ্বাস দিলেও ওই এলাকার সহিংসতা বন্ধ করা ইউক্রেনের নিজস্ব ব্যাপার মন্তব্য করেন পুতিন। পরে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, শান্তি প্রক্রিয়া শুরু হলে রাশিয়ার পক্ষ থেকে সবরকম সহায়তা দেওয়া হবে। রুশ ও ইউক্রেনীয় সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে আলোচনার বিষয়েও একমত হন পুতিন ও পোরোশেঙ্কো। নিজেদের মধ্যে বৈঠকের আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিক ক্যাথরিন অ্যাস্টনের সঙ্গে আলোচনা করেন পুতিন ও পোরোশেঙ্কো।
গত মার্চে ইউক্রেন থেকে পৃথক হয়ে স্বাধীনতা ঘোষণা করে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় উপদ্বীপ ক্রিমিয়া। পরবর্তীতে দোনেত্স্ক ও লুহানস্কের স্বাধীনতার ঘোষণার জের ধরেই ওই এলাকায় সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ শুরু হয়। ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেস্ক ও লুহানস্কে দেশটির সরকারি বাহিনী ও রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে কয়েক মাস ধরে চলা সংঘর্ষে কমপক্ষে দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। রাশিয়া বিদ্রোহীদের অস্ত্র সরবরাহ করছে- ইউক্রেন সরকার ও পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া।
 
ইঅ/চৌফে/শ৩০০