উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী ও ভাইস চেয়ারম্যান সুলতান মাহামুদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার রাতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের পাঠানো পরিপত্রে এ তথ্য জানা গেছে। এ ঘটনায় রাত নয়টার দিকে উত্তেজিত জনতা কোর্ট বাজার স্টেশনে গাড়ী ভাঙচুর করে সড়ক অবরোধ করলে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস থোয়াই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।
জানা গেছে, ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় উখিয়ার কোটবাজার সুদর্শন বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুরের ঘটনায় উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী ও ভাইস চেয়ারম্যান সুলতান মাহামুদ চৌধুরীসহ ১৫ জনকে এজাহার নামীয় ও ২/৩ হাজার লোককে অজ্ঞাতনামা আসামি করে উখিয়া থানার তৎকালীন উপ-পরিদর্শক আবুল হাসেম বাদী হয়ে একটি মামলা করেন। মামলাটি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট ভুক্ত হওয়ায় ফৌজদারী মামলার অভিযুক্ত হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের দুইজনকে সাময়িক বরখাস্ত আদেশ প্রদান করেছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এ সংক্রান্ত একটি ফ্যাক্স বার্তা পেয়েছেন বলে ইত্তেফাক অনলাইনকে নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী ও ভাইস চেয়ারম্যান সুলতান মাহামুদ চৌধুরী জানান, এ বিষয়ে তারা কিছুই জানেন না।
