ভারতের কাশ্মীরে দুই দিনের ভারী ও অতি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ৬৫ জন নিহতের খবর পাওয়া গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, দুই দশকের সবচেয়ে ভয়াবহ বন্যায় কাশ্মীরের উত্তরাঞ্চলজুড়ে দুর্যোগ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, পরীক্ষাও স্থগিত করা হয়েছে। বন্যায় নিহতদের মধ্যে বরযাত্রীবাহী একটি বাসের আরোহীরাও রয়েছেন। খবর: রয়টার্স।
কাশ্মীরের জ্যেষ্ঠ পুলিশ সুপারিনটেনডেন্ট মুবাশির লতিফী বলেন, আকস্মিক বন্যায় বরযাত্রীদের একটি বাস ভেসে যায়। এতে কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। যাত্রীদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া বৃষ্টিজনিত পৃথক কয়েকটি ঘটনায় এক সীমান্তরক্ষীসহ আরো ১৫ জন নিহত হয়েছেন।
