জার্মানদের কিছু মজার খেলা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৪, ০১:৩৭
কাদায় দৌড় প্রতিযোগিতা, বুট নিক্ষেপ, ক্রেজি ক্রসিং – জার্মানিতে এ সব মজার খেলার আয়োজন গ্রীষ্মকালে প্রায়ই হয়ে থাকে৷ আসলে পুরো ব্যাপারটাই আনন্দের এবং মজার৷ আর এ বছরের গ্রীষ্মেও তার ব্যতিক্রম হয়নি৷

কাদায় দৌড়

লোয়ার স্যাক্সনির পূর্ব ফ্রিসল্যান্ডে প্রতি বছর কাদার মধ্যে স্লেজ গাড়ি চালানোর বিশ্ব চ্যাম্পিয়নশিপ হয়৷ আর চারটি দেশের ২৪টি দল এতে অংশ নেয়৷ বলা বাহুল্য, পূর্ব ফ্রিসল্যান্ডে এই বিশ্বকাপ ব্যাপক জনপ্রিয়৷

কাঠের গুঁড়ি ছোড়া

গত কয়েক শতাব্দী ধরে স্কটল্যান্ডে এই প্রতিযোগিতা চলে আসছে, যা বর্তমানে জার্মানিতেও ব্যাপক জনপ্রিয়৷ লোয়ার স্যাক্সনির গ্রোসগল্টার্নে চতুর্থবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ ৩৫ থেকে ৬০ কেজি ওজনের ‘লগ’ বা কাঠের গুঁড়িটি যে যত দূরে ছুড়তে পারে – তা নিয়েই প্রতিযোগিতা৷ তবে এর নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই৷

গরু ধরা

ফরাসি এবং ডাচরা ইউরোপের সেরা রাখাল বা কাউ বয় হিসেবে পরিচিত৷ কুহফাঙ্গেনের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গরু ধরার প্রতিযোগিতায় তাই তারাই বিজয়ী হয়৷ এবারের প্রতিযোগিতায় ইটালি, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও অস্ট্রিয়া থেকে অন্তত ১০০ ঘোড়সওয়ার অংশ নিয়েছিলেন৷

গামবুট ছোড়া

১২০ বছর আগে ফিনিশ নাবিকরা এই প্রতিযোগিতা শুরু করে৷ যে যত দূরে বুট ছুড়তে পারবে সেই বিজয়ী৷ জার্মানিতে ২০০৭ সালে গামবুট ছোড়ার বিশ্বকাপ প্রথম শুরু হয়৷

ক্রেজি ক্রসিং

‘ক্রেজি ক্রসিং’ প্রতিযোগিতা হয় হানোফার শহরে৷ ১২টি দল এতে অংশ নেয়৷ লক্ষ্য হলো প্রতিটি দল নিজেদের বানানো নৌকা নিয়ে ৩০০ মিটার দূরে দূরে থাকা বাধাগুলো অতিক্রম করবে৷ সব প্রতিযোগীদের পোশাক হবে দেখার মতো৷

রং দৌড়

জার্মানিতে দ্বিতীয়বারের মতো এই বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে, যেখানে ৫ কিলোমিটার দৌড়াতে হয়৷ ৫৫০০ জন অ্যাথলিট মিউনিখে এই প্রতিযোগিতা এবং এর সাথে জড়িত নানা বর্ণিল অনুষ্ঠানে অংশ নেন৷ ভারতের হোলি উৎসব থেকে অনুপ্রাণিত হয়েই এই প্রতিযোগিতার চল শুরু হয়েছে৷ প্রতিযোগীদের পোশাকে নানা রং লাগানো থাকে৷

কাঠ কাটার প্রতিযোগিতা

এ বছর জার্মানির বাভেরিয়া রাজ্যে অবস্থিত মিউনিখ শহরে এই চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছিল৷ প্রতিযোগীদের ২.৮০ মিটার লম্বা গাছের গুড়ি ফাঁড়তে দেয়া হয়৷

কঠিন কাদা দৌড়

কাদার মধ্যে বিভিন্ন বাধা পেড়োনো দৌড়ের জন্য আপনি কি প্রস্তুত? ব্রান্ডেবুর্গের এই আয়োজনে এটাই কিন্তু ছিল প্রতিযোগিতার মূল বিষয়৷ এই প্রতিযোগিতায় কাদার মধ্যে ১৮ কিলোমিটার পথ দৌড়াতে হয় বিভিন্ন বাধা পেড়িয়ে৷

কাদাতেই মজা

কাদার মধ্যে মজা যেমন রয়েছে, তেমনি সেই মজার শেষে আপনাকে আর কেউ একজন পরিষ্কার-পরিচ্ছন্ন ব্যক্তি বলতে পারবে না৷ অর্থাৎ, আপনার পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীর ঢেকে যাবে কাদায়৷
(বিবিসি)