আবারও ফিফা সভাপাতি লড়বেন ব্লাটার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৪, ২১:৪১



আগামী বছর ফিফা সভাপতি পদে নিজের প্রার্থিতা নিশ্চিত করেছেন বর্তমান সভাপতি সেপ ব্লাটার। ৭৮ বছর বয়সী এই সুইস ১৯৯৮ সালে প্রথমবারের মতো ফিফার সর্বোচ্চ পদে আসীন হয়েছিলেন। এই নিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো এই পদে প্রার্থিতা ঘোষণা করলেন।
সকারেক্স আয়োজিত আঞ্চলিক কনভেনশনে তার রেকর্ডকৃত এক সাক্ষাতকার উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশ্যে শোনানো হয়। সেখানেই তার এই প্রার্থিতা ঘোষণার বিষয়ে নিশ্চয়তা পাওয়া গেছে। সেখানে তিনি বলেছেন, ‘লক্ষ্য পূরণের আকাঙ্খা কখনই শেষ হয় না। আমি তার ব্যতিক্রম নই। সাও পাওলোতে সর্বশেষ অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে আমি বেশিরভাগ সদস্যের সমর্থন পেয়েছি। জাতীয় ফেডারশেনগুলোর একটি বিশাল অংশ আমাকে এগিয়ে যাবার অনুরোধ জানিয়েছে, তারা আমাকে ভবিষ্যতে আবারো সভাপাতি পদে দেখতে চায়। এখন আমি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বলতে চাই অবশ্যই সেপ্টেম্বরে আমি দাঁড়াতে চাই। আমি বিষয়টি কার্যনির্বাহী কমিটিকে অবহিত করবো। এরপরই পুরো ফুটবল পরিবারের বিষয়টি জানার অধিকার আছে। অবশ্যই আমি প্রস্তুত, প্রার্থী হিসেবে আবারো নিজের আগ্রহের কথা প্রকাশ করছি।’