শেয়ারবাজারে বহুজাতিক ও নতুন কোম্পানির চাহিদা বৃদ্ধি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৪, ১৮:০৬
 
একদিন দর সংশোধনের পরই আজ মঙ্গলবার শেয়ারবাজারে ফের চাঙ্গাভাব দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বেড়েছে সূচক ও লেনদেন। আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, বহুজাতিক কোম্পানিগুলোর ভালো লভ্যাংশের প্রত্যাশায় কোম্পানিগুলোর চাহিদা বেড়েছে। এ কোম্পানিগুলোর শেয়ারের চাহিদা আগের দিনের তুলনায় সাড়ে তিন ভাগ বেড়েছে। লেনদেনের তালিকার শীর্ষেও উঠে এসেছে বহুজাতিক কোম্পানি। এর মধ্যে রয়েছে— হাইডেলবার্গ সিমেন্ট, সিঙ্গার বিডি ও লাফার্জ সুরমা সিমেন্ট। এ ছাড়া নতুন তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের চাহিদাও বেড়েছে। এ জন্য আজ সুহূদ ইন্ডাস্ট্রিজের দাম বেড়েছে প্রায় সাড়ে ১১ ভাগ। আর খুলনা পেপার ও  তুং হাই নিটিংয়ের দাম বেড়েছে ৯ দশমিক ৯ ভাগ।
তথ্যে দেখা গেছে, আজ ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২৫ পয়েন্ট কমে ১ হাজার ৭৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫২২ কোটি ৪৫ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৯ কোটি ৮৭ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ২৯৫টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৫১টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১০৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৮ কোটি ৩৩ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা কম। লেনদেনকৃত ২২৪টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৯০টির কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারের।
এ দিকে ডিএসই সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে বাড়ছে শেয়ার লেনদেন। ফলে আবার চাঙ্গা হয়ে উঠছে বাজার। এতে অনেক কোম্পানির শেয়ার দর হঠাত্ করে বেড়ে যাচ্ছে। হঠাত্ করে লেনদেনে বিক্রেতা শূন্যতা দেখা যাচ্ছে। আজ মঙ্গলবার শেয়ার লেনদেনে হল্ট ট্রেড হয়ে পড়ে তালিকাভুক্ত তিন  কোম্পানি। এগুলো হলো— তুং হাই নিটিং অ্যান্ড ডায়িং, এসিআই ফরমুলেশন লিমিটেড এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানি লিমিটেড। হল্টট্রেড হওয়ার আগে তুং হই নিটিং অ্যান্ড ডায়িং এর সর্বশেষ লেনদেনটি হয় ২৬ দশমিক ৬ টাকায়। হল্টট্রেড হওয়ার আগে এসিআই ফরমুলেশন লিমিটেডের সর্বশেষ লেনদেন হয় ১১৩ দশমিক ৩ টাকায়। আর খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং হল্ট ট্রেড হওয়ার আগে সর্বশেষ লেনদেন হয়েছে ৩৩ দশমিক ৩ টাকায়।
 
ইঅ/চৌফে/শ৩২০