বরিশালের গৌরনদী এবং আগৈলঝাড়া উপজেলার দুটি মাধ্যমিক ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী মঙ্গলবার দুপুরে অজ্ঞাতরোগে অসুস্থ হয়েছে। গুরুতর অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদীর মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারী জানান, দুপুর ২টার দিকে ক্লাশ চলাকালীন পর্যায়ক্রমে সপ্তম ও অষ্টম শ্রেণির ৪০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পরে। মাহিলাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, তার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির চারজন শিক্ষার্থী ক্লাশ চলাকালীন অসুস্থ হয়ে পরেছে। খবর পেয়ে মাহিলাড়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু তাত্ক্ষনিক চিকিত্সক দাস রনবিরকে নিয়ে স্কুলে পৌঁছেন। অসুস্থ্য শিক্ষার্থীদের চিকিত্সা সেবা দিয়ে সুস্থ করলেও বাকীদের হাসপাতালে ভর্তি পরার্মশ দিয়েছেন।
চিকিত্সক দাস রনবির ইত্তেফাককে জানান, অসুস্থদের মধ্যে মিতু, সুমী, নুশরাত জাহান নিশা, মরিয়ম খানম, সাথী, সাদ্দাম হোসেন এবং সোহানা আক্তারের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেয়া হয়েছে।
একই দিন পাশ্ববর্তী উপজেলা আগৈলঝাড়ার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ইতি হালদার, শম্পা বেপারী, আশিষ রায়, অন্যন্যা হালদার, আল্পনা বিশ্বাস ও দশম শ্রেণির ছাত্র সৌরভ হাওলাদার ক্লাশ চলাকালীন দুপুর আড়াইটার দিকে অসুস্থ্য হয়ে পরে। তাদের সকলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। খবর পেয়ে তাত্ক্ষনিক হাসপাতালে ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার দেবী চন্দ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা।
আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম মিয়া জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে আবহাওয়া জনিত কারণে অসুস্থ্য শিক্ষার্থীরা মার্কস সাইকোলোজিক্যাল ইনলেস (এক প্রকার মানসিক ভারসাম্যহীন) রোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পরেছিলো। এ রোগের প্রধান লক্ষণ হচ্ছে একজন আক্রান্ত হলে অন্যান্যরাও অসুস্থ্য হয়ে পরে। বর্তমানে শিক্ষার্থী আশংকামুক্ত আছে। তাদের চিকিত্সা চলছে।
