মঞ্জুর চৌধুরী নিউইয়র্ক সিটির জুডিশিয়াল ডেলিগেট নির্বাচিত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৪, ১১:০৫
নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী তরুণ প্রজন্মের রাজনীতিক মঞ্জুর চৌধুরী নিউইয়র্ক সিটির কুইন্স কাউন্টির জুডিশিয়াল ডেলিগেট (বিচারিক প্রতিনিধি) হিসেবে নির্বাচিত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত নিউইয়র্ক সিটি প্রাইমারি ইলেকশনের মধ্য দিয়ে তিনি তৃতীয়বারের মতো এই পদে নির্বাচিত হলেন।
মঞ্জুর চৌধুরী এর আগে ২০১০ সালে এই পদে বিজয়ী হয়েছিলেন। মঞ্জুর চৌধুরী গত প্রায় ১০ বছর ধরে ডেমোক্রেট রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। কর্মজীবনে তিনি ডোমিনিকান প্রোভিন্স অব সেন্ট জোসেফ-এর প্রধান কার্যালয়ে কন্ট্রোলার হিসেবে কর্মরত রয়েছেন। বৃহত্তর সিলেটের কৃতি সন্তান মঞ্জুর চৌধুরী নিউইউয়র্কে কয়েকটি অলাভজনক সংস্থা প্রতিষ্ঠা করেছেন, যেগুলো প্রবাসীদের চাকরি পেতে এবং ক্যারিয়ার গড়তে সহায়তা করছে।