বাগদাদ পৌঁছেছেন জন কেরি

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৪, ১৯:৫০



ইসলামিক স্টেট’কে (আইএস) পরাজিত করতে অভিযানের প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বুধবার তিনি ইরাকের রাজধানী বাগদাদ পৌঁছেছেন। মিত্রদেশগুলোকে সঙ্গে নিয়ে জোটবদ্ধ অভিযানের জন্য সমর্থন তৈরি করাই তার মধ্যপ্রাচ্য সফরের উদ্দেশ্য। খবর রয়টার্স।


খবরে বলা হয়, কেরি ইরাকের পর সৌদি আরব ও অন্যান্য আরব রাষ্ট্রে যাবেন বলে ধারণা করা হচ্ছে। ইরাকে নতুন সরকার গঠিত হওয়ার পর বাগদাদে যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষ পর্যায়ের কর্মকর্তার এটিই প্রথম সফর।
গত সপ্তাহে আইএস’র বিরুদ্ধে অভিযানে মিত্র জোটের নেতৃত্বদানকারী মূল দেশ হিসেবে নয়টি দেশের নাম করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, যাদের অধিকাংশই ইউরোপীয় দেশ। এই দেশগুলো সম্মিলিতভাবে ইরাক ও সিরিয়ার বিশাল অংশ দখল করে নেয়া ইসলামিক স্টেট’কে (আইএস) পর্যদুস্ত এবং পরিশেষে পরাজিত করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ওবামা।


ইরাক ও সিরিয়ার দখলকৃত অংশে একটি ইসলামি খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে আইএস। পাশাপাশি দখলকৃত এলাকায় গণহত্যা, ব্যাপক বন্দিহত্যাসহ দুজন মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদ করেছে উগ্রপন্থী গোষ্ঠিটি। বুধবার জঙ্গি এই গোষ্ঠিটির বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা তুলে ধরে ওয়াশিংটনে ওবামার একটি ভাষণ দেয়ার কথা রয়েছে।