খেলোয়াড় নিষিদ্ধের সময় নিয়ে রানাতুঙ্গার প্রশ্ন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৪, ২০:৩৮



সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে বোলারদের নিষিদ্ধ করার সময় নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্বকাপ জয়ী শ্রীলংকা দলের অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। স্থানীয় আইল্যান্ড পত্রিকাকে রানাতুঙ্গা বলেন, ‘বিশ্বকাপের বাকি আছে ছয় মাসেরও কম। এটা খুবই হতাশাজনক বিষয় যে আইসিসি এমন সময়ে শীর্ষ বোলারদের নিষিদ্ধ করছে। এ সকল খেলোয়াড়দের বিশ্বকাপ পর্যন্ত খেলতে দেয়া উচিৎ ছিল। আইসিসির উচিৎ ছিল বিশ্বকাপে তাদের মনিটর করা এবং তারপর সিদ্ধান্ত নেয়া।’


গত মঙ্গলবার সাঈদ আজমলকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করেছে আইসিসি। এ কারণে বড় ধরনের ধাক্কা খেয়েছে পাকিস্তান।


রানাতুঙ্গা বলেন, ‘হঠাৎ করেই যখন আপনার সেরা বোলারকে নিষিদ্ধ করা হয়, এটা অধিনায়ক ও নির্বাচকদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যায়। অনেক আগে তাদের এ সমস্যাটা চিহ্নিত করা দরকার। বিশ্বকাপের আগে হঠাৎ করেই কেন তারা সন্দেহজনক বোলারদের বিষয়ে চিন্তিত হয়ে পড়ল।’
তিনি আরো বলেন,‘ সাঈদ আজমল ছয় বছর যাবত খেলছে এবং এখন কেন সবাই চিন্তিত হয়ে পড়ল। অবৈধ বোলারদের সমুলে উৎপাটন করাটাকে আমি সমর্থন করি। কিন্তু সময়টা সম্পর্কে আমি খুব বেশি নিশ্চিত নই।’