শেয়ার বাজার ঊর্ধ্বমুখী

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৪, ১৬:৫৬

শেয়ার বাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে লেনদেন শুরুর প্রথম ঘণ্টা শেষে ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকতে দেখা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বাড়ায় ছয় মাসে ডিএসই-এক্স সূচক আবারো ৪৭০০ পয়েন্টের মাইলফলক অতিক্রম করেছে। চলতি বছরের ৫ মার্চের পর শেয়ার বাজারে আবারো দরপতন শুরু হওয়ার পর প্রথমবারের মতো সূচকটি এই পয়েন্ট অতিক্রম করলো।
এদিকে আজ ডিএসইতে লেনদেনের গতি গত কয়েকদিনের তুলনায় বেশ ভালো অবস্থানে রয়েছে। চলতি ধারা বজায় থাকলে পুরো দিনে প্রায় ৮০০ কোটি টাকা মূল্যের শেয়ার লেনদেন হতে পারে বলে ধারণা বাজার সংশ্লিষ্টদের।
বেলা সাড়ে ১১টায় সবগুলো খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়ে লেনদেন হচ্ছিলো। ঔষধ ও রসায়ন খাতের এসিআই লিমিটেড, এসিআই ফর্মূলেশনের পাশাপাশি আজ রেনেটা লিমিটেড লেনদেনের শীর্ষে উঠে আসায় আজও খাতওয়ারি লেনদেনের শীর্ষে অবস্থান করছে এ খাত।
ডিএসইতে লেনদেনের প্রথম ঘণ্টা শেষে ১৬৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দরবৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছিলো। বিপরীতে দর হারিয়ে লেনদেন হচ্ছিলো ৫৪টি কোম্পানির এবং দর অপরিবর্তিত ছিল ৩২ টির।
আজ সকাল ১১টা পর্যন্ত ডিএসই-এক্স সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ৪৭০০ পয়েন্টে অবস্থান করছিলো। লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় ২২০ কোটি টাকা মূল্যের শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে।
 
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন শুরুর প্রথম ঘণ্টা শেষে দরবৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছিলো ৭৫ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। বিপরীতে ৪২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর হারিয়ে লেনদেন হচ্ছিলো এবং অপরিবর্তিত ছিল ২৩টির।
সকাল ১১টা পর্যন্ত সিএসইতে নির্বাচিত খাত মূল্য সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ৮৭৮৮ পয়েন্টে অবস্থান করছিলো। প্রথম ঘণ্টায় ১০ কোটি ৬০ টাকা মূল্যের শেয়ার ও মিউচুয়াল ফান্ড কেনাবেচা হয়েছে।