শিক্ষার প্রসারে সিএসআর যথেষ্ট ভূমিকা রাখতে পারে : অর্থমন্ত্রী

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৪, ১৮:২৫
 
 
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, কর্পোরেট স্যোশাল রেসপনসিবিলিটিজ (সি এস আর) কর্মসূচির আওতায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিত্তবানদের উচিত সামাজিক দায়বদ্ধতা পালন করা। বিশেষ করে শিক্ষার প্রসারে সিএসআর যথেষ্ট ভূমিকা রাখতে পারে। 
বৃহস্পতিবার সকালে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 
ঢাকা অফিসার্স ক্লাবে ব্যাংকটির উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। 
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সূর চৌধুরী, শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এ কে আজাদ ও ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী বক্তব্য দেন।
অর্থমন্ত্রী বলেন, ব্যাংকগুলো শিক্ষাখাতে ভাল সিএসআর করছে। এতে গরীব মেধাবী শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে। তারা মেধা বিকাশের সুযোগ পাচ্ছে। প্রত্যেক ব্যক্তি সম্পদের কিছু অংশ মানুষের কল্যাণে ব্যয় করার মধ্য দিয়ে সিএসআর কার্যক্রম করতে পারেন। হোক সেটি সামান্য। আর এটিকে মানবিক কাজ বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে কেন্দ্রিয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সূর চৌধুরী বলেন, সিএসআর কার্যক্রমে অংশগ্রহণের বিষয়ে ব্যাংকগুলোকে উৎসাহ দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নীতি-সহায়তার কারণে যে কোন দুর্যোগে ব্যাংকসমূহ সিএসআরের আওতায় সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।
এ কে আজাদ গরীব শিক্ষার্থীদের জন্য আগামীতে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃত্তির পরিমাণ আরো বাড়ানোর ঘোষণা দেন। 
২০১৩ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৫০০ শিক্ষার্থীকে বৃত্তির টাকা প্রদান করে ব্যাংকটি। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের ২০ হাজার টাকা ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যোককে ২৫ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়।