এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে সিএসই বিনিয়োগকারীদের সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের সহযোগিতার জন্য ইনভেস্টর এডুকেশন এবং ইনভেস্টর অ্যাডভাইজার চালুর ব্যাপারে সহযোগিতা চেয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ঢাকা অফিসের সভাকক্ষে এডিবির পরামর্শক প্রতিষ্ঠান দ্য এরিস গ্রুপ লিমিটেডের প্রতিনিধিদলের সাথে সিএসইর এক বৈঠকে এ সহযোগিতা চাওয়া হয়।
বৈঠকে সিএসইর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন, এডিবির পরামর্শক প্রতিষ্ঠান এরিস গ্রুপের পরিচালক অ্যানথনি বি শোরাকা এবং সিনিয়র কনসালটেন্ট লিউইস জে মেন্ডেলসন, সিএসইর সিআরও আহমেদ দাউদ এবং উপমহাব্যবস্থাপক গোলাম ফারুক উপস্থিত ছিলেন। বৈঠকে প্রতিনিধি দলকে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন ক্লিয়ারিং করপোরেশন এবং ডেরিভেটিবস এর জন্য একটি পূর্ণাঙ্গ রোড ম্যাপ সম্পর্কে তাদের ধারণা দেন। এ ছাড়া বৈঠকে পুঁজিবাজারকে গতিশীল করার জন্য মার্কেট মেকার আইনের উপর ড্রাফট প্রস্তাবনা, শেয়ার নেটিং সহ আরো কিছু বিষয়ে প্রস্তাবনা বিএসইসিতে পাঠানো হয়েছে বলে এডিবিকে জানানো হয়।
ইঅ/চৌফে/শ১৫২
