শেয়ারবাজারে ক্ষুদ্র মূলধনী কোম্পানিতে আজ বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। আর বড় মূলধনী কোম্পানিগুলোর মধ্যে হাতে গোনা কয়েকটির চাহিদা ছিল অনেক বেশি। এ জন্য ক্ষুদ্র মূলধনী কোম্পানিগুলোর শেয়ার দর বেড়েছে ১ দশমিক ৮ শতাংশ। এ দিকে আজ ডিএসইতে ডিএস-৩০ সূচক সর্বোচ্চ পয়েন্টে উঠে এসেছে। বেশ কয়েক দিন ধরে বড় মূলধনী কোম্পানিগুলোর শেয়ার দর বৃদ্ধির প্রভাবে এই সূচক ঊর্ধ্বমূখী হয়ে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড করেছে বলে মনে করছেন ডিএসই কর্মকর্তারা।
তথ্যে দেখা গেছে, আজ ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৮৫ কোটি ৬৩ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৪৮ কোটি ৭৫ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০০টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৩৩টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪০ কোটি ৩৯ লাখ টাকা। লেনদেনকৃত ২২৫টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৮৭টির কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের।
এ দিকে ডিএসই সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত বিডি ল্যাম্পসের শেয়ারদর বাড়ছে কোনো সংবেদনশীল তথ্য ছাড়াই। অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ডিএসইকে এ জবাব দিয়েছে কোম্পানিটি। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বিগত তিন কার্যদিবসে বিডি ল্যাম্পসের শেয়ার দর বেড়েছে ২৫.৮ টাকা বা ২৩.৪৫ শতাংশ। আজ কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯.৮৭ শতাংশ বা ১২.২ টাকা বেড়েছে। বর্তমানে বিডি ল্যাম্পসের শেয়ারের মূল্য আয় অনুপাত ১২১.২৫। অর্থাত্ নিয়মানুযায়ী এ শেয়ারের বিপরীতের বিনিয়োগকারীরা মার্জিন লোন সুবিধা পাবে না। এ দিকে বিগত ছয় কার্যদিবসে এসিআই ফরমুলেশনের শেয়ার দর বেড়েছে ৫২.৯ টাকা বা ৬৩ শতাংশ।
ডিএসই সূত্রে জানা গেছে, গত ৪ সেপ্টেম্বর এসিআই ফরমুলেশনের পরিচালনা পর্ষদ রং উত্পাদনকারী কোম্পানি আকজো নোবেল পেইন্টস সিঙ্গাপুরের সঙ্গে চুক্তি করার ঘোষণা দেয়। এরপর থেকে একটানা বাড়ছে এ শেয়ারের দর। বর্তমানে এসিআই ফরমুলেশনের শেয়ারের মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ৪০.৭৭। অর্থাত্ এ কোম্পানির শেয়ারেও বিনিয়োগকারীরা মার্জিন লোন সুবিধা পাবেন না।
ইঅ/চৌফে/শ৩১৮
