বড় ধরনের সুনামিতে পাকিস্তানের বৃহত্তম নগরী করাচি সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। সরকারি কর্মকর্তারা বুধবার ভারত মহাসাগরে একটি বড় ধরনের কল্পিত সুনামির মহড়া শেষে এ কথা বলেছেন। ভারত মহাসাগরের আরব ও ইউরেশীয় টেকটনিক প্লেটের মাকরান ট্রেঞ্চে ৯.০ মাত্রার একটি কাল্পনিক সুনামির ওপর ভিত্তি করে জাতিসংঘ পাকিস্তান উপকূলে এ মহড়ার আয়োজন করে।
এ মহড়ার সার্বিক তত্ত্বাবধান করেন পাকিস্তানের প্রখ্যাত আবহাওয়াবিজ্ঞানী তৌসিফ আলম।
তিনি জানান, সম্ভাব্য সুনামির কারণে সমুদ্রে ৩ থেকে ২৩ ফুট পর্যন্ত উঁচু ঢেউ সৃষ্টি হতে পারে। এই ঢেউ এতই শক্তিশালী হবে যে, এতে বন্দরনগরী করাচি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে।
পাকিস্তানের এ আবহাওয়াবিজ্ঞানী জানান, ‘মহড়ার মাধ্যমে আমরা সুনামি সতর্কবার্তা সঠিক সময়ে ও কার্যকরভাবে পৌঁছানো সম্ভব কিনা তা যাচাইয়ের চেষ্টা করেছি। এছাড়া, জনগণকে নিরাপত্তার বিষয়ে সচেতন করতে এবং সামগ্রিক কার্যক্রম সমন্বয় সাধানের জন্যও এ মহড়া চালানো হয়েছে।’
