অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, দেশে সোয়া এক কোটি মানুষের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। তিনি বলেন, ১৫ কোটির বেশি মানুষের জন্য এটা পর্যপ্ত। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বাড়ার বড় একটি পর্যায় শুরু করেছিলেন এএসএইচকে সাদেক।
সাবেক শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে বেতন দেয়ার ক্ষেত্রে বড় ধরনের একটি চুরির জায়গা ছিল। শিক্ষকদের নামে বেতন তোলা হতো। কিন্তু শিক্ষকরা সেই বেতন পেতেন না। কর্তাব্যক্তিরা সেটা নিয়ে যেতেন। এএসএইচকে সাদেক এটা বন্ধ করেন। এখন বিষয়টাকে খুবই সাধারণ ও সহজ মনে হচ্ছে। কিন্তু তিনি যখন করেছেন, তখন সেটা সহজ ও সাধারণ ছিল না। তিনি বললেন, বেতন নিতে হলে সকল শিক্ষককে একটি করে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। মানুষের ব্যাপক আকারে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেয়ার সাদেকের পথযাত্রা আমরা এগিয়ে নিয়ে গেছি।
উল্লেখ্য, সাবেক সিএসপি অফিসার এএসএইচকে সাদেক ১৯৩৪ সালের ৩০ এপ্রিল জন্ম গ্রহণ করেন। দীর্ঘদিন সচিব হিসাবে দায়িত্ব পালনের পর ১৯৮৮ সালে অবসরে যান। ১৯৯২ সালে তিনি আওয়ামী লীগে যোগ দেন। ১৯৯৬ সালে তিনি যশোরের কেশবপুর থেকে সংসদ নির্বাচিত হওয়ার পর শিক্ষামন্ত্রী হন। ২০০৭ সালের ৯ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তার স্ত্রী ইসমাত আরা সাদেক বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন।
খুলনা বিভাগীয় সমিতি আয়োজিত এই আলোচনায় উন্নয়নের দিক দিয়ে খুলনা অঞ্চল অবহেলিত হচ্ছে বলে অভিযোগ করেন আঞ্চলিক নেতারা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, সংসদ সদস্য মনিরুল ইসলাম, আব্দুর রউফ, জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. হাফিজুর রহমান, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান, খুলনা বিভাগীয় সমিতির সভাপতি এমএ কুদ্দুস প্রমুখ বক্তব্য রাখেন।
ইঅ/চৌফে/শ২৬১
