প্রশান্ত মহাসাগরে ২ মার্কিন জঙ্গি বিমান বিধ্বস্ত

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৪, ১৬:২৫

প্রশান্ত মহাসাগরে দুইটি মার্কিন জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমান দুইটির মধ্যে সংঘর্ষে শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। এতে এক বৈমানিক নিখোঁজ রয়েছেন বলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।
প্রশান্ত মহাসাগরের ওয়েক দ্বীপের ৪৭০ কিলোমিটার পশ্চিমে বিমান দুইটি বিধ্বস্ত হয় বলে নৌবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে।
নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন থেকে উড়াল দেয়ার পর এফ/এ-১৮ জঙ্গি বিমান দুইটি বিধ্বস্ত হয়। পরপরই একজন বৈমানিককে উদ্ধার করে রণতরীতে চিকিৎসা দেয়া হয়। সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।