৮ মাস পর ডিএসইর লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়াল

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ১৮:৪৫
 
 
 
 
 
প্রায় ৮ মাস পর আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। এ দিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৩৮ কোটি ১৮ লাখ টাকার। চলতি বছরের ২৬ জানুয়ারি ডিএসইতে ৮৫৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এ দিকে, ডিএসই প্রধান মূল্য সূচক আজ ৪ হাজার ৭০০ পয়েন্ট ছাড়িয়েছে। গত ফেব্রুয়ারির পর এই প্রথম সূচক ৪ হাজার ৭০০ পয়েন্ট ছাড়াল।
এ দিকে অনেক দিন পর জীবন বিমা কোম্পানিগুলোর শেয়ারে প্রাণ ফিরে এসেছে। আজ এ খাতের সবা কোম্পানির দর বেড়েছে। এমনকি কয়েকটি জীবন বিমা কোম্পানির শেয়ার বিক্রেতাশূন্য হয়ে পড়ে। এ খাতের কোম্পানিগুলো প্রথম প্রান্তিকে ভালো ফল করায় এ সব শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। এতে ডিএসইর দর বাড়ার শীর্ষ-১০ কোম্পানির তালিকায় ৫টি জীবন বিমা কোম্পানি স্থান করে নেয়। আজ ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে পপুলার লাইফের। এ দিন এ কোম্পানির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৮৪ শতাংশ বা ১৪.৯ টাকা। লেনদেনের একপর্যায়ে এ শেয়ারের বিক্রেতা ছিল না। দ্বিতীয় সর্বোচ্চ ৯ দশশিক ৯৬ শতাংশ বা ১৪.১ টাকা দর বেড়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির। এ শেয়ারটিও বিক্রেতাশূন্য হয়ে পড়ে। তৃতীয় সর্বোচ্চ দর বাড়ে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের। এ দিন এ শেয়ারের দর বেড়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ বা ৫.৮ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৩৩ শতাংশ বা ৪.৮ টাকা, পদ্মা লাইফের ৭ দশমিক ৬৫ শতাংশ বা ৪.২ টাকা,  প্রোগ্রেসিভ লাইফের ৫ দশমিক ৯৫ শতাংশ বা ৫.৪ টাকা মেঘনা লাইফের ৫ দশমিক ১৫ শতাংশ বা ৪.৮ টাকা এবং প্রাইম লাইফের শেয়ার দর বেড়েছে ৩ দশমিক ৬০ শতাংশ বা ৩.২ টাকা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রথম প্রান্তিকে অধিকাংশ জীবন বিমা কোম্পানি আগের বছরের তুলনায় ভালো ফল করেছে। ফলে এ সব শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। এ ছাড়া যেগুলোর আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়নি সেগুলোও ভালো ফল করবে—এমন ধারণা থেকে অনেকে এ সব  শেয়ারের প্রতি বেশি আগ্রহী হচ্ছেন।
তথ্যে দেখা গেছে, আজ ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮১৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮৩৮ কোটি ১৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৫২ কোটি ৫৪ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩০১টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১১১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫২ কোটি ৪১ লাখ টাকার। যা আগের দিনের চেয়ে ১২ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২২৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৮৭টির কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ারের।