এসএসআইপি প্রকল্পে ইউএনডিপি দেবে ২২ লাখ ডলার
ইত্তফাক রিপোর্ট
উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ণের সাথে যুক্ত সংস্থাগুলোর সক্ষমতা বাড়াতে গ্রহণ করা হয়েছে সাপোর্ট টু সাসটেইনেবল অ্যান্ড ইনকু্লসিভ প্ল্যানিং (এসএসআইপি) প্রকল্প। জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি’র আর্থিক ও কারিগরি সহায়তায় প্রকল্পটি নেয়া হয়েছে। শনিবার এনইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির কাজ শুরু করা হয়। বাংলাদেশের অর্থনীতির দীর্ঘমেয়াদী পরিকল্পনায় টেকসই উন্নয়নকে গুরত্ব দিয়ে এ প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।
প্রকল্পের বাস্তবায়ন করবে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি)। এর আওতায় জিইডি ছাড়াও বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূলায়ন বিভাগ (আইএমইডি), পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সামর্থ্য বাড়ানো হবে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ৪৭ লাখ মার্কিন ডলার ব্যয় হবে। এর মধ্যে ইউএনডিপি ২২ লাখ ডলার অনুদান দেবে।
প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিকল্পনা সচিব ভ্থইয়া সফিকুল ইসলাম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সুরাইয়া বেগম এনডিসি, ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর পাওলিন থামাসিস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিইডি’র সদস্য ড. শামসুল আলম।
অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) আটটি লক্ষ্যের মধ্যে সবমিলে সাতটি লক্ষ্যমাত্রায় কাঙ্খিত অর্জন সম্ভব হতে পারে। তবে পরিবেশের ভারসাম্য রক্ষায় নেয়া লক্ষ্যমাত্রায় কাঙ্খিত অর্জণ সম্ভব নয় কোন দেশের পক্ষেই। উন্নয়ন প্রকল্পে দ্রূত অর্থছাড়ের জন্য দাতাদের প্রতি আহ্বান জানান পরিকল্পনা মন্ত্রী। তিনি বলেন, এসএসআইপি প্রকল্পে ৪৭ লাখ ডলার ছাড় করার কথা রয়েছে। দ্রুত এ অর্থ ছাড় না করলে প্রকল্পের কাজে গতি আসবে না।
পাওলিন থামাসিস বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। মানব উন্নয়নেও অনেক দূর এগিয়েছে। তবে বেশ কিছু অঞ্চলে চরম দারিদ্র ও খাদ্যভাব রয়েছে। এ সমস্যার সমাধানে আরও অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এ খাতে অগ্রগতির জন্য টেকসই পরিকল্পনার দরকার।
উদ্বোধনী অনুষ্ঠানের পর দুই পরে কারিগরি সেশনে প্রকল্পের খুটিনাটি তুলে ধরা হয়। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিচার্স ইনস্টিটিউটের (পিবআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর এতে সভাপতিত্ব করেন।
