বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘আগামী ঈদ-উল আযহার জন্য গরম মসলা বিশেষ করে এলাচি, দারুচিনি, লবঙ্গ, জিরা, তেজপাতা ইত্যাদির পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই কোরবানিতে গরম মসলাসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ ও মূল্য স্বাভাবিক থাকবে।’
রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ, বিপণন ও মূল্য স্থিতিশীল এবং যৌক্তিক পর্যায়ে রাখার নিমিত্তে নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়ন কার্যক্রমের জন্য গঠিত কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শুধু ঈদের সময় নয় সবসময় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক ও মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ, বিপণন ও মূল্য স্থিতিশীল এবং যৌক্তিক পর্যায়ে রয়েছে দাবি করে মন্ত্রী বলেন, গত ঈদেও নিত্য প্রয়োজনীয় পণ্য বিশেষ করে চিনি, ভোজ্য তেল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, শুকনা মরিচ, হলুদ, খেজুর ইত্যাদির সরবরাহ ও মূল্য স্বাভাবিত ছিল। এবারও থাকবে।
