নতুন নতুন মডেলের আইফোনের জন্য যারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এবং সুযোগ পাওয়া মাত্রই অনলাইনে প্রি-অর্ডার করে রাখেন, তাদের জন্য একটি দুঃসংবাদ। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪.৭ ইঞ্চি আকৃতির আইফোন ৬ বিক্রি শুরু হলেও ৫.৫ ইঞ্চি আকৃতির আইফোন ৬ প্লাসের বিক্রি শুরু হতে কয়েক সপ্তাহ দেরি হবে। খবর রয়টার্সের।
আইফোনের নতুন মডেল দুইটি অবমুক্তির পর থেকেই যুক্তরাষ্ট্রের ক্রেতাদের জন্য অনলাইনে প্রি-অর্ডারের সুযোগও উন্মুক্ত হয়েছে। নতুন এই দুই মডেলের জন্য রেকর্ডসংখ্যক প্রি-অর্ডারও পড়ছে বলে জানিয়েছে অ্যাপল। এ প্রসঙ্গে অ্যাপলের মুখপাত্র ট্রুডি মুলার বলেন, ‘আইফোন ৬ এবং আইফোন ৬ প্লাসের ক্ষেত্রে আমরা অভাবনীয় সাড়া পেয়েছি। এই দুইটি ফোনের জন্য যে পরিমাণ প্রি-অর্ডার পড়েছে, তা আগের সব রেকর্ডকেই ভঙ্গ করেছে।’ তবে অ্যাপল ওয়েবসাইট থেকেই জানা গেছে, বড় আকৃতির আইফোনটি বাজারে বিক্রি শুরু হতে দেরি হবে মাসখানেক। যুক্তরাষ্ট্রের যেসব মোবাইল অপারেটর তাদের আওতায় আইফোনের বড় আকৃতির মডেলটি বিক্রি করবে, তারাও নিজ নিজ ওয়েবসাইটে এর বিক্রি দেরি হওয়ার কথা জানিয়েছে।
বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরের ভিত্তিতে রয়টার্স জানিয়েছে, বেশিসংখ্যক অর্ডার পাওয়ার কারণেই শেষ পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ফোন তৈরি করতে সমর্থ হচ্ছে না আইফোনের নির্মাতারা। কেননা আইফোন ৬ প্লাসে ৫.৫ ইঞ্চি আকৃতির যে বড় ডিসপ্লে ব্যবহার করা হবে, তার জন্য অন্যান্য যন্ত্রাংশেও কিছু পরিবর্তন আনতে হবে। আর সেটা সঠিক সময়ে সম্পাদন করতে পারছে না নির্মাতারা। ফলে আইফোন ৬ প্লাসের জন্য আগে থেকে অনলাইনে অর্ডার করেও পূর্বঘোষিত তারিখে গ্রাহকরা হাতে পাচ্ছেন না এই কাঙ্ক্ষিত ফোনটি।
