শেয়ারবাজারে টানা চার কার্যদিবস সূচক বাড়ার পর সোমবার কিছুটা কমেছে। কমেছে লেনদেনের পরিমাণও। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৬৬৮ কোটি টাকা। যা আগের দিনের তুলনায় প্রায় ২০ শতাংশ কম।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, বাজারে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেয়ার প্রবণতার কারণেই দরপতন হয়েছে। তবে দর পতনের পরও ডিএসই’র ব্রড ইনডেক্স ৪ হাজার ৭০০ পয়েন্টের উপরে বেশি অবস্থান করছে। এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩০০ কোম্পানির মধ্যে মাত্র ১৬টি কোম্পানির শেয়ারদর বেড়েছে ৩ শতাংশের বেশি। আর ৫২টি কোম্পানির শেয়ারদর কমেছে ৩ শতাংশেরও বেশি।
তথ্যে দেখা গেছে, ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৭০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮২২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬৬৮ কোটি ৯০ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৬৯ কোটি ২৭ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০০টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৮৩টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ারের।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪১ কোটি ৭১ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১১ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৩৫টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৬৪টির কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে, সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ লভ্যাংশ দেওয়ায় ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে তালিকভুক্ত কোম্পানি সালভো কেমিক্যালকে। মঙ্গলবার থেকে ‘এ’ ক্যাটাগরির অধীরে এ শেয়ারের লেনদেন হবে। এর আগে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে ছিল। কোম্পানিটি ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা করে।
এদিকে মূলধন বাড়াতে রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেড। চলতি বছরের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের জন্য ঘোষিত ২৫ শতাংশ বোনাস শেয়ার হিসাবে নিয়ে রাইট শেয়ার ছাড়া হবে। প্রতি ২টি সাধারণ শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীদের ৩টি রাইট শেয়ার দেওয়া হবে। আর প্রতিটি রাইট শেয়ারের মূল্য ১০ টাকা। শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি পেলে রাইট শেয়ার ছাড়তে পারবে কোম্পানি কর্তৃপক্ষ। সংগৃহীত অর্থে কোম্পানিটি বিদ্যমান রোটর প্রজেক্টে একটি রিং প্রজেক্ট স্থাপন করবে।
