এবার সুপার লিগে আনেলকাও

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ২১:১০
 
জিকো, মার্কো মাতেরাজ্জির পথে হাঁটলেন নিকোলাস আনেলকাও। ইন্ডিয়ান সুপার লিগের উদ্বোধনী মৌসুমে মুম্বাই এফসির হয়ে খেলবেন এই ফরাসি। রিয়াল মাদ্রিদ, চেলসি এবং ওয়েস্ট ব্রমউইচের হয়ে মাঠ মাতানো এই স্ট্রাইকার সোমবার নিজেই জানিয়েছেন এই তথ্য।
বর্ণবাদী আচরণের জন্য ওয়েস্ট ব্রম থেকে বিতাড়িত হয়ে দলবিহীন অবস্থায় থাকা আনেলকা বলেন, ‘মুম্বাই এফসিতে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত এবং একই সঙ্গে ইন্ডিয়ান সুপার লিগে খেলতে পেরে আমি উত্তেজিতও বটে।’
নানা বিতর্কিত কর্মকান্ডে মাঝেমাঝেই খবরের কাগজে আসা এই তারকা আরো বলেন, আন্তর্জাতিক এবং ভারতীয় খেলোয়াড়দের সমন্বয়ে দারুন একটি টুর্নামেন্টই হতে যাচ্ছে এটি। তিনি বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনের সেরা কিছু খেলোয়াড়ের পাশাপাশি শীর্ষ ভারতীয় খেলোয়াড়রা টুর্নামেন্টটাকে আকর্ষণীয় করে তুলবেন। নিজের কৌশল এবং অভিজ্ঞতা দিয়ে আমি আমার দলকে সাহায্য করতে মুখিয়ে আছি।’
ধারণা করা হচ্ছে, দুই পক্ষের চুক্তিটি স্বল্পমেয়াদী। এ সম্পর্কে এখনো বিস্তারিত জানায়নি কেউ। দ্য গার্ডিয়ান